দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫
গাজীপুর ও মুন্সিগঞ্জে গতকাল মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮ জন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদরের ভবানীপুর ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় গতকাল সকালে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে। এতে চারজন নিহত ও অন্তত ১৫ জন আহত হন।
কালিয়াকৈরে দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন রাজশাহীর রানীবাজারের বাটারগলি এলাকার রায়হানুল হক (৬০) ও বোয়ালিয়া থানার তাশাইমাড়ি এলাকার লিটন আলী (৩৫)। গাজীপুর সদরের ভবানীপুরে নিহত ব্যক্তিরা হলেন ময়মনসিংহের মুক্তাগাছার লক্ষ্মীখোলা গ্রামের মো. জুবায়েদ (১৬) ও গাজীপুর সদর উপজেলার লুটিয়ারচালা গ্রামের রাজেন্দ্র বর্মণ (৪৫)।
এলাকাবাসী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় আশুকা সিএনজি পাম্পের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়ে ছিল। উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস গতকাল সকাল ছয়টার দিকে ওই এলাকায় পৌঁছালে কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী লিটন মারা যান। আহত হন নয় যাত্রী। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রায়হানুল হকের মৃত্যু হয়। আহত বক্তিরা হলেন ফারুক হোসেন, সুমন হোসেন, রুহুল আমিন, দাউদ হোসেন, গোলাপ মিয়া, মনোয়ার হোসেন, লাল চান ও হান্নান মিয়া।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার পরিদর্শক মো. হুমায়ুন কবির বলেন, লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, মাওনা হাইওয়ে থানার পরিদর্শক মো. হেলালুল ইসলাম বলেন, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে মহাসড়কের ভবানীপুরে গাজীপুরগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের ওপর উঠে যায়। এতে চাপা পড়ে বাসের চালকের সহকারী জুবায়েদ মারা যান। সকাল সাড়ে সাতটার দিকে একই মহাসড়কের একই স্থান দিয়ে পার হওয়ার সময় মাওনাগামী শ্রমিক বহনকারী বাসের চাপায় রাজেন্দ্র বর্মণ ঘটনাস্থলেই প্রাণ হারান।
এদিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার টরকী এলাকায় গতকাল বেলা ১১টার দিকে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক আবুল কালাম সরকার (৪৫) মারা যান। তাঁর বাড়ি সদর উপজেলার শেহেরকান্দি গ্রামে। এই দুর্ঘটনায় অটোরিকশার তিনজন যাত্রী আহত হন। পরে তাঁদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পিকআপ ভ্যানের চালককে আটক করেছে পুলিশ।
সদর থানার উপপরিদর্শক (এসআই) হাসান জামিল এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।