দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গতকাল শনিবার যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এদিকে পঞ্চগড়ে গত শুক্রবার রাতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হাকিম আজাদ স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে বলেন, ঢাকা থেকে যাত্রীবাহী এক বাস দিনাজপুর যাচ্ছিল। বাসটি নবাবগঞ্জের রত্নাদীঘি এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসচালক আবদুস সালাম (৪৫), ট্রাকচালক ঝন্টু মিয়া (৪০) ও বাসযাত্রী দেবব্রত সাহা (৪৫) নিহত হন। গুরুতর আহত হয়েছেন চারজন। সালাম নওগাঁর ভান্ডারগ্রামের খোকা ফকিরের ছেলে। দেবব্রত নরসিংদীর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ও ঝন্টু ঝিনাইদহের হরিণাকুণ্ডুর বলরামপুর গ্রামের বাসিন্দা।
পঞ্চগড় সদর থানা-পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা বলেন, আবদুল মজিদ (৩৫) ও ইরফান আলী (৪০) পঞ্চগড় শহর থেকে মোটরসাইকেলে জগদল বাজারে যাচ্ছিলেন। তাঁরা সদর উপজেলার হেলিপোর্ট এলাকায় পৌঁছালে পাথরবোঝাই একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইরফান মারা যান। পরে স্থানীয় লোকজন মজিদকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইরফান বীরগঞ্জ পঁচিশ মাইল এলাকার বাসিন্দা। মজিদ পঞ্চগড় শহরের কায়েতপাড়া এলাকার বাসিন্দা।