দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বিজয়নগরে এবং জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও সাতজন। ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে পুলিশ জানায়, সকাল ১০টায় আশুগঞ্জের খড়িয়ালায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালকসহ ছয়জন যাত্রী গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে মাইক্রোবাসের চালক টিটু মিয়া (২৫) ও যাত্রী জাবেদ হোসেন (৪০) মারা যান। টিটুর বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার অলুয়া গ্রামে। জাবেদের বাড়ি হবিগঞ্জ পৌরশহরের সবুজবাগ এলাকায়। আহত যাত্রীদের মধ্যে নিহত জাবেদ মিয়ার শ্বশুর আলী মুর্তজা (৬৫), শ্যালিকা শাম্মি আক্তার (১৯) ও লিটন মিয়াকে (২৮) ঢাকায় স্থানান্তর করা হয়েছে। গতকাল ভোরে একই মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার নবগঠিত বিজয়নগর থানার চান্দুরা বাসস্ট্যান্ডের কাছে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের নিচে চাপা পড়ে মোশারফ হোসেন (৪০) নামের এক ব্যবসায়ী মারা যান। নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে তাঁর বাড়ি। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ পৃথক দুটি মামলা করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী-তারাকান্দি পাকা সড়কের গেন্দারপাড়া এলাকায় সকাল ১০টায় সারভর্তি একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুজন যাত্রী নিহত হন। নিহত মোজাম্মেল হকের (৪০) বাড়ি সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের রায়দেরপাড়া গ্রামে। নিহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত দুই যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) তমিজউদ্দিন বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি।