দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন ও নওগাঁয় বাস-ইজিবাইক সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা দুটি ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আটজন।

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় আগরপুর বাজারের কাছে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

নিহত ব্যক্তিরা হলেন লালন মিয়া (৩৫), মো. শাহিন (২২) ও আবদুল করিম (২৮)। লালন মিয়ার বাড়ি বাজিতপুর উপজেলার কৈলাক ইউনিয়নের কৈলাক গ্রামে। মো. শাহিনের বাড়ি বলিয়ারদি ইউনিয়নের শিমুলতলা গ্রামে ও আবদুল করিম কৈলাক ইউনিয়নের রাহেলা গ্রামের বাসিন্দা। আহত তিনজনের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বাজিতপুর থেকে অটোরিকশাটি ভৈরবে আসছিল। অটোরিকশার যাত্রী ছিলেন পাঁচজন। সকাল পৌনে সাতটার দিকে অটোরিকশাটি আগরপুর বাজারের কাছে আসামাত্র বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাক্টরটি সড়কে থেমে গেলেও অটোরিকশাটি ছিটকে দূরে পড়ে যায়। যাত্রীদের কয়েকজন সড়কে পড়ে যান। ঘটনাস্থলে শাহিন ও আবদুল করিম নিহত হন। পরে ঢাকায় নেওয়ার পথে অটোরিকশাচালক লালন মিয়া মারা যান। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ট্রাক্টরটি জব্দ করা গেছে। তবে চালক পালিয়ে গেছেন।

অন্যদিকে নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছি-আড্ডা সড়কের কুশারপাড়া মোড়ে বাস-ইজিবাইক সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন উপজেলার ছাওড় ইউনিয়নের কোচনা গ্রামের আবদুস ছালাম (৫০), একই গ্রামের আশরাফুল ইসলাম (৩৮) ও উপজেলার বোড়াকুড়ি গ্রামের হীরা বেগম (৬০)। আহত ব্যক্তিদের পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে পোরশা থানার ওসি রফিকুল ইসলাম জানান, সাপাহার থেকে নিয়ামতপুরের আড্ডা অভিমুখী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ইজিবাইকের দুই যাত্রী মারা যান। পরে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।