দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ ও সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন নয়জন। ঈদে সড়কপথে ঘরমুখো মানুষের যাত্রা শুরুর মধ্যে গতকাল সোমবার দিবাগত রাত ও আজ মঙ্গলবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।

মানিকগঞ্জ: সদর উপজেলার জাগীর এলাকায় যাত্রীবাহী বাস ও মালবাহী মিনি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হন। আহত হয়েছেন আটজন। গতকাল দিবাগত রাত পৌনে একটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্যমতে, নিহত ব্যক্তিরা হলেন বাসের চালক রাসেল মোল্লা (৩৫) ও যাত্রী তকদির মোল্লা (৭০) এবং ট্রাকের চালক তসলিম আলী (৩৫) ও তাঁর সহকারী রাব্বি (১৮)। রাব্বি ও তসলিমের বাড়ি মানিকগঞ্জ এবং রাসেলের বাড়ি গোপালগঞ্জ ও তকদিরের বাড়ি নড়াইল।

চারজনের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

আহত আটজনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা এই হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তাঁদের স্বজনেরা। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হকের ভাষ্য, বাসটি নড়াইল থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি মানিকগঞ্জের দিকে আসছিল। জাগীর এলাকায় যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে। যানবাহন দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে নিয়েছে পুলিশ।

একই থানার উপপরিদর্শক (এসআই) মো. এনামুল হক বলেন, এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে।

সিরাজগঞ্জ: উল্লাপাড়া উপজেলায় যাত্রীবাহী একটি বাস ও সিএনজিচালিত একটি অটোরিকশার মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হন। আহত হয়েছেন একজন। আজ সকাল পৌনে নয়টার দিকে হাটবোয়ালিয়া কবরস্থানের পাশে নগরবাড়ি-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্যমতে, নিহত পাঁচজনের মধ্যে চারজনের নাম জানা গেছে। তাঁরা হলেন অটোরিকশার চালক বকুল হোসেন, যাত্রী জাহাঙ্গীর মাস্টার, আশরাফুল ইসলাম ও আমজাদ। আহত ব্যক্তিও অটোরিকশার যাত্রী ছিলেন। তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি।

উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা বলেন, নিহত ব্যক্তিদের লাশ পরিবারের সদস্যরা শনাক্ত করে নিয়ে গেছেন। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।

গতকাল থেকে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। এ কারণে সড়কে বেড়েছে গাড়ির চাপ।
আরওপড়ুন..
সিরাজগঞ্জে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৫