দুই জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাতজনের
রংপুরের পীরগঞ্জ ও পীরগাছায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বগুড়ার শেরপুরে গতকাল শনিবার এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রংপুর: ঢাকা-রংপুর মহাসড়কের রংপুরের পীরগঞ্জের রসুলপুর এলাকায় গতকাল শনিবার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ট্রাকের তিন আরোহী নিহত ও আরও পাঁচজন আহত হন। নিহতেরা হলেন রংপুরের তারাগঞ্জ উপজেলার রবিউল ইসলাম (৩৫), গঙ্গাচড়া উপজেলার অনীল (৪৫) ও নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কালু (৪৮)। তাঁরা ঢাকা থেকে রংপুরগামী একটি খালি ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পীরগাছা (রংপুর): রংপুর-সুন্দরগঞ্জ মহাসড়কের পীরগাছার দেউতি জব্বারের দোকান এলাকায় গত শুক্রবার পীরগাছাগামী একটি যাত্রীবাহী বাস একটি বাইসাইকেল ও একজন পথচারীকে চাপা দেয়। এতে ওই সাইকেলের আরোহী মিঠাপুকুর উপজেলার কাগজিপাড়া গ্রামের মেহের আলী (৭০) নিহত ও তাঁর স্ত্রী সামছুন্নাহার (৫৫) এবং পথচারী রাজু আহমেদ (২৫) আহত হন।শেরপুর (বগুড়া): ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুরের ঘোগা সেতু এলাকায় গতকাল একটি ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক নারীসহ তিনজন নিহত এবং ১৫ জন আহত হন। নিহতেরা হলেন ট্রাকচালক রংপুর স্টেশন রোডের তাজহাট এলাকার বিমল সাহা (৪০) এবং বাসযাত্রী ঢাকার দক্ষিণ কমলাপুরের শরিফুল ইসলামের স্ত্রী ফারহানা রনি (৩০) ও অজ্ঞাতনামা এক পুরুষ। এতে ফারহানার মেয়ে ছয় মাস বয়সী মুনতাসা আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেরপুর থানার উপপরিদর্শক বুলবুল ইসলাম জানান, বেপরোয়াভাবে চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বাস ও ট্রাকটি আটক করা হয়েছে।