দুই জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী ও সদর উপজেলায় এবং নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে গাইবান্ধায় গতকাল রোববার দুজন নিহতসহ আরও একজন আহত হন। আর নীলফামারীতে গত শনিবার আহত এক শিশু গতকাল মারা গেছে।
পলাশবাড়ি উপজেলা শহরের অদূরে ডাকঘর এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে মোটরসাইকেলে করে দুই বন্ধু যাওয়ার সময় গতকাল দুপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মিল্টন (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ সময় ছিটকে পড়ে আহত হন তাঁর সঙ্গী। নিহত মিল্টন উপজেলার বেতকাপা ইউনিয়নের সাতারপাড়া গ্রামের আবদুল মজিদের ছেলে। পলাশবাড়ী থানার ওসি গোপালচন্দ্র চক্রবর্তী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। কাভার্ড ভ্যানের চালক পলাতক।
এদিকে সদর উপজেলার মাঝিপাড়া এলাকার খোলাহাটি-রথেরবাজার সড়কে গতকাল সকালে ট্রাক্টর উল্টে সেটির আরোহী হূদয় চন্দ্র (৩০) নামের এক টেম্পোচালক নিহত হয়েছেন। নিহত হূদয় গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের খগেন্দ্রনাথ চন্দ্রের ছেলে। ট্রাক্টর উল্টে গেলে গুরুতর আহত টেম্পোচালককে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। তখন সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় আহত রেজওয়ানা সিদ্দিকা তৃপ্তি (৭) নামের একটি শিশু চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা গেছে। তৃপ্তি ওই উপজেলার উত্তর বড়ভিটা গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে। গত শনিবার দুপুরে রংপুর থেকে জলঢাকাগামী ট্রাকের ধাক্কায় আহত শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিশোরগঞ্জ থানার ওসি শাহ আলম বলেন, ট্রাক চালক পালাতক।