দুই জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
সিলেটের গোয়াইনঘাটে গত রোববার নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে গেলে এক কলেজছাত্র নিহত এবং ১২ জন আহত হন। এ ছাড়া ময়মনসিংহের নান্দাইলে ইজিবাইকের চাপায় গতকাল সোমবার এক শিশু নিহত হয়।
সিলেটে নিহত কলেজছাত্র হচ্ছেন মাহফুজুর রহমান শাকিল (২০)। তিনি সিলেট নগরের শিবগঞ্জ সোনারপাড়ার শফিকুর রহমানের ছেলে। তিনি সিলেট সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শাকিল ও তাঁর ২০ বন্ধু গোয়াইনঘাটের সীমান্তবর্তী পান্তুমাই ঝরনা দেখতে যান। সেখান থেকে ফেরার পথে গোয়াইনঘাট কলেজের পাশে উনাই সেতু এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে শাকিল ঘটনাস্থলেই নিহত এবং ১২ জন আহত হন। নান্দাইলে ইজিবাইকের চাপায় ওই উপজেলার সিংরইল ইউনিয়নের উদং গ্রামের মো. রুকন মিয়ার মেয়ে ফাহমিদা আক্তার ওরফে সেতু (৭) নিহত হয়েছে। সে স্থানীয় সোনামণি কিন্ডারগার্টেনের নার্সারির শিক্ষার্থী ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, টিফিন-বিরতির সময় ফাহমিদা রাস্তা অতিক্রম করে দোকান থেকে বিস্কুট কিনে স্কুলে ফিরছিল। এ সময় একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে সে মারা যায়।