দুই জেলায় সড়ক দুর্ঘটনায় শ্রমিকসহ তিনজন নিহত
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গতকাল মঙ্গলবার দুই শ্রমিক নিহত হয়েছেন। ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় গতকাল ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল সকাল ছয়টায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের খিলপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই শ্রমিক হচ্ছেন সিলেট নগরের মাছিমপুর এলাকার আসলাম মিয়া (২৫) ও নেত্রকোনার রাণীঠাকুর গ্রামের সাইফুল ইসলাম (২০)। সিলেট থেকে ফেঞ্চুগঞ্জের উদ্দেশে রওনা হওয়া বালুবোঝাই ট্রাকটি উপজেলার খিলপাড়া এলাকায় পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা দুই শ্রমিক বালুচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দনকান্তি ধর বলেন, পুলিশ ওই দুই শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ভালুকা উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এলাকায় গতকাল সকালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শারফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত ও চারজন আহত হন। নিহতের বাড়ি গফরগাঁও উপজেলার বোরকা গ্রামে। তাঁর বাবার নাম নাজিম উদ্দিন। দুর্ঘটনায় অটোরিকশার আরও চারজন যাত্রী আহত হয়েছেন। এঁরা হলেন আবদুল মোতালেব (৪০), রফিকুল ইসলাম (৪৫), মোবারক হোসেন (৩৭) ও প্রতাপ (৪২)।