দুই জেলায় হামলায় আহত ২৫

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় কেরালকাতা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর হামলায় প্রতিপক্ষের পাঁচজন আহত হয়েছেন। এ সময় আতঙ্কিত হয়ে এক বৃদ্ধা মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। অপরদিকে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে আওয়ামী লীগের সমর্থকদের হামলায় ২০ জন আহত হয়েছেন।
স্থানীয় লোকজন বলেন, গত ২২ মার্চ সংঘর্ষের কারণে কেরালকাতা ইউনিয়নের বলিয়ানপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ স্থগিত করা হয়। ৩১ অক্টোবর ওই কেন্দ্রে আবার ভোট নেওয়া হবে। ২২ মার্চের ভোটে স্বতন্ত্র প্রার্থী আবদুল হামিদ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোরশেদ আলীর চেয়ে ৮৩ ভোটে এগিয়ে আছেন।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মোরশেদ আলীর নেতৃত্বে ৩০-৩৫ জন আবদুল হামিদের সমর্থক বলিয়ানপুর গ্রামের আবু সুফিয়ানের বাড়িতে হামলা চালান। এতে সুফিয়ান, ফারুক হোসেনসহ পাঁচজন আহত হন। হামলার সময় সুফিয়ানের মা ফাতেমা খাতুন (৬৫) আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন। পরে রাত একটার দিকে তিনি মারা যান।
গতকাল শনিবার বিকেলে সুফিয়ান বাদী হয়ে মোরশেদ আলীসহ ১২ জনের বিরুদ্ধে কলারোয়া থানায় অভিযোগ দিয়েছেন। মোরশেদ বলেন, তাঁর সমর্থকদের ওপর আবদুল হামিদের সমর্থকেরা হামলা চালিয়েছেন। খবর পেয়ে তিনি সেখানে যান। সুফিয়ানের মা আগে থেকেই অসুস্থ ছিলেন।
মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে বিরোধে শনিবার বেলা আড়াইটার দিকে আওয়ামী লীগের সমর্থকদের হামলায় ২০ জন আহত হন।
পুলিশ জানায়, কারচুপির অভিযোগে গত ৩১ মার্চ ঘটমাঝি ইউপির তিনটি কেন্দ্রে নির্বাচন স্থগিত করে প্রশাসন। ৩১ অক্টোবর ওই কেন্দ্রগুলোতে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি কেন্দ্রগুলোতে স্বতন্ত্র প্রার্থী বাদল ফকির এগিয়ে রয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বাবুল আক্তার।
গতকাল বাবুল আক্তারের লোকজনের সঙ্গে মন্টারপোল এলাকায় বাদল ফকিরের সমর্থকদের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। তখন বাবুলের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে বাদল ফকিরের সমর্থকদের ওপর হামলা চালান। এ সময় তাঁরা কুকরাইল ও ছয়না গ্রামে হামলা চালিয়ে ১০টি বাড়িতে আগুন দেন এবং ২০টি বাড়িতে ভাঙচুর চালান। আহত লোকজনের মধ্যে দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাদল ফকির বলেন, ‘পরাজয় নিশ্চিত জেনে বাবুল আক্তার আমার ভোটার ও সমর্থকদের ওপর হামলা চালিয়েছে।’ বাবুল আক্তার বলেন, বাদল ফকিরের সমর্থকেরা তাঁর সমর্থকদের ওপর হামলা করেছেন।