দুই জেলায় ২২টি সড়কের শত শত গাছ মরে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া বন বিভাগের নিয়ন্ত্রণাধীন দুই জেলার ২২টি সড়ক-মহাসড়কের দুই পাশে ১৪২ কিলোমিটারজুড়ে লাগানো শিশুগাছে মড়ক লেগেছে। প্রায় এক যুগ আগে লাগানো এসব গাছের অর্ধেকই মরে গেছে। সড়ক-মহাসড়কে দুই পাশের এসব মরা গাছ একটু দমকা বাতাস এবং ঝড়-বৃষ্টিতে ভেঙে ও উপড়ে পড়ছে। গাছচাপা পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। বগুড়া বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সামাজিক বনায়নের আওতায় ১৯৮২ সাল থেকে এ পর্যন্ত বগুড়া ও জয়পুরহাট জেলার ৪৮টি সড়ক-মহাসড়কের আড়াই হাজার কিলোমিটার রাস্তার দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। এর মধ্যে সিংহভাগই ছিল শিশুগাছ। এসব গাছের ৪০-৫০ শতাংশই মরে গেছে। প্রতি বর্গকিলোমিটার সড়কে গড়ে এক হাজার গাছ লাগানো হয়েছিল বলে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় জানিয়েছে। ৪৮টি সড়কের মধ্যে দুই জেলার ২২ সড়কের অন্তত ১৪২ দশমিক ৫০ কিলোমিটার রাস্তার দুই পাশে লাগানো হাজার হাজার শিশুগাছ মরে গেছে।বগুড়া বিভাগীয় বন কর্মকর্তা মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এলাকার আবহাওয়া ও পরিবেশগত সমস্যার কারণে ডাইব্যাক (অকালমৃত্যু) রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন সড়কে লাগানো অধিকাংশ শিশুগাছ মরে গেছে। বিভিন্ন সময়ে এসব মরা গাছ চিহ্নিত করে অপসারণের উদ্যোগ নেওয়া হলেও সড়কের মালিকানা দাবি করে জেলা পরিষদ থেকে আপত্তি তোলায় সেই উদ্যোগ সফল হয়নি। অথচ মরা এসব গাছ পথচারীদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বগুড়া-জয়পুরহাট সড়কে মরা গাছ চাপা পড়ে একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে।সরেজমিনে বগুড়ার বিভিন্ন উপজেলার সড়ক-মহাসড়ক ঘুরে দেখা গেছে, বগুড়ার সবচেয়ে বেশি গাছ মরেছে বন বিভাগের দুপচাঁচিয়া রেঞ্জের আওতাধীন কাহালু উপজেলার সড়কে। কাহালু সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণকেন্দ্রের কর্মকর্তা হায়দার হোসেন জানান, কাহালুর কাহালু-পাঁচপীর সড়ক, পাঁচপীর-নাগর নদ, দুর্গাপুর-পাঁচপুর, ইউসুবপুর-ওলাহালি, রেলগেট-জয়তুল, জয়তুল-বানদীঘি, জয়তুল-বিবির পুকুর পর্যন্ত অন্তত ১০টি সড়কে শত শত শিশুগাছ মরে গেছে। ১৯৯৪-৯৫ অর্থবছরে এসব গাছ লাগানো হয়েছিল। তোলতা গ্রামের সুফলভোগী রেজিয়া বেগম বলেন, ‘এত কষ্ট করে গাছগুলা লাগাচি। সেটা মরে যাচ্চে, লোকজন কাটে লিয়ে যাচ্চে।’ প্রতাপপুরের সমেজ মণ্ডল বলেন, ‘রাস্তার পাশে লাগানো এসব মরা গাছ প্রায়ই পথচারীদের ওপর পড়ছে। প্রাণ হাতে নিয়ে এসব রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে।’ কড়িগোকূল গ্রামের আবদুল করিম বলেন, ‘রাস্তায় লাগানো মরা গাছগুলো অপসারণ না করায় তা নির্বিচারে কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। সরকারি সম্পদ হরিলুট হচ্ছে।’