দুই জেলায় ৯১৭ জনের বিরুদ্ধে মামলা
ঝিনাইদহের কোটচাঁদপুর থানায় ৮০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা প্রায় ৮০০ জনকে আসামি করে গতকাল মঙ্গলবার পৃথক তিনটি মামলা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তা বাদী হয়ে ভোটকেন্দ্রে হামলা, অগ্নিসংযোগ এবং নির্বাচনের উপকরণ লুট করার অভিযোগে মামলা তিনটি করেন।
গত রোববার বরিশালের গৌরনদী উপজেলায় পুলিশ বক্সে বোমা হামলা এবং আগুন দেওয়ার ঘটনায় বিএনপি ও জামায়াতের ৩৭ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গৌরনদী থানার সহকারী উপপরিদর্শক শামীম সরকার বাদী হয়ে গত সোমবার এ মামলা করেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, ঝিনাইদহ-৩ আসনের কোটচাঁদপুর উপজেলার মামুনশিয়া, পাশপাতিলা ও বলাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ৫ জানুয়ারি ভোরে জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মীরা হামলা চালান। মামুনশিয়া কেন্দ্রে হামলার ঘটনায় মামলায় পুলিশ এবং অপর দুটি কেন্দ্রে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদী হয়েছেন।