দুই জেলায় 'বন্দুকযুদ্ধে' তিনজন নিহত
রংপুরের তারাগঞ্জ উপজেলা ও মাগুরা সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ব্যক্তি নিহত হয়েছেন। গত মঙ্গলবার গভীর রাতে ও গতকাল বুধবার ভোরে কথিত এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশ বলেছে, নিহত ব্যক্তিদের দুজন ডাকাত দলের সদস্য, অপরজন মাদক ব্যবসায়ী। এ বিষয়ে জানতে তাৎক্ষণিকভাবে তিনজনের কারও পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
রংপুরের তারাগঞ্জে নিহত দুজন হলেন মশিয়ার রহমান (৪০) ও বিজয় চন্দ্র (৩২)। মশিয়ারের বাড়ি এই উপজেলারই আলমপুর ইউনিয়নের ভীমপুর দরজিপাড়া গ্রামে। আর বিজয়ের রংপুর সদর উপজেলার কুর্শা বলরাম গ্রামে।
তারাগঞ্জ থানার পুলিশের ভাষ্যমতে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কে তারাগঞ্জের নেংটিছেড়া সেতুর কাছে একদল লোকের ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে টহল পুলিশ অভিযানে যায়। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে ডাকাত দলের দুজন সদস্য আহত হন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান। পরে তাঁদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। বন্দুকযুদ্ধের সময় অন্য অন্যরা পালিয়ে যান। বন্দুকযুদ্ধে পুলিশের ছয়জন সদস্য আহত হয়েছেন।
পুলিশ বলেছে, বন্দুকযুদ্ধের স্থান থেকে একটি পাইপগান, ওয়ান শুটারগান, তিনটি কার্তুজ, একটি ছোরাসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তারাগঞ্জ থানার ওসি আবদুল লতিফ মিঞা প্রথম আলোকে বলেন, ‘মশিয়ারের বিরুদ্ধে বিভিন্ন থানায় শতাধিক মামলা রয়েছে। বিজয়ের বিরুদ্ধেও ১০টি মামলা রয়েছে।
মাগুরা সদর উপজেলার ধলধরা চাঁদপুর গ্রামে নিহত হয়েছেন জুনাব আলী (৩২) নামে এক ব্যক্তি। পুলিশের দাবি, তিনি মাদক ব্যবসায়ী।
মাগুরা সদর থানার ওসি আজমল হুদা বলেন, গতকাল ভোররাতে মাগুরা-বিনোদপুর সড়কে টহলের সময় পুলিশ পাশের খেতে কিছু লোককে কথাবার্তা বলতে দেখে। জানতে পুলিশ টহল গাড়ি থেকে নামলে তারা গুলিবর্ষণ শুরু করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে সেখানে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী জুনাব আলীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওসি বলেন, জুনাব আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকাণ্ডের ১৩টি মামলা রয়েছে। দুপুরে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারকে দেওয়া হয়েছে।
পুলিশ বলেছে, মাগুরার বন্দুকযুদ্ধে পুলিশের চারজন সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি গুলি, রামদাসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে।