দুই জেলেকে ধরে নেওয়ার পর ফেরত দিয়েছে বিজিপি
নাফ নদী থেকে ধরে নেওয়ার পর গতকাল শনিবার দুই বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)।
জেলেরা হলেন মো. ইউসুফ (৩৫) ও আবু তাহের (২৮)। তাঁরা কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাসিন্দা।
মো. ইউছুফের ছোট ভাই আবু বক্কর প্রথম আলোকে বলেন, গতকাল সকালে তাঁর বড় ভাই মো. ইউসুফ নৌকা নিয়ে সহযোগী আবু তাহেরসহ নাফ নদীতে বাংলাদেশের জলসীমায় মাছ ধরছিলেন। সকাল নয়টার দিকে বিজিপির একটি স্পিডবোট তাঁদের দিকে তেড়ে আসে। এরপর স্পিডবোটের সঙ্গে তাঁর ভাইয়ের নৌকা বেঁধে তাঁদের মিয়ানমারের জলসীমায় নিয়ে যাওয়া হয়। অন্য নৌকার জেলেরা তাঁদের বিষয়টি জানান। পরে তাঁরা বিষয়টি বিজিবির স্থানীয় সীমান্তচৌকিতে জানান।
শাহপরীর দ্বীপ বিজিবির কোম্পানি¤কমান্ডার মো. আতিকুর রহমান বলেন, তাঁরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, এ বিষয়ে বিজিপির সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেছে, মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে মাছ ধরায় তারা ওই দুই জেলেকে আটক করেছে। পরে বিজিবির অনুরোধে বিজিপি তাঁদের ফেরত দেয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান প্রথম আলোকে বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে অন্য দেশে প্রবেশ করে মাছ ধরার অভিযোগে ওই জেলের বিরুদ্ধে মামলা করেছে বিজিবি। তাঁদের পুলিশে সোপর্দ করা হয়েছে। রোববার দুই জেলেকে আদালতে হাজির করা হবে।