দুই জোটেই শরিক নিয়ে ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু, কামারুল আরেফিন
হাসানুল হক ইনু, কামারুল আরেফিন

এখন প্রায় প্রতি সপ্তাহেই কুষ্টিয়া-২ এলাকায় আসছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এই জাসদ নেতা আগামী নির্বাচনেও এখানে মহাজোটের প্রার্থী হতে চান। তবে আওয়ামী লীগের স্থানীয় নেতারা জাসদকে আর ছাড় দিতে চান না। আওয়ামী লীগের এক নেতা ‘কেন্দ্রের নির্দেশে’ ইতিমধ্যে মাঠে নেমেও পড়েছেন।

‘কেন্দ্র’ মানেই মাহবুব উল আলম হানিফকে বোঝেন এখানকার আওয়ামী লীগের নেতারা। ইনু ও হানিফের অনুসারীদের কোন্দলটা প্রকাশ্য। কথার যুদ্ধ থেকে শুরু করে খুনোখুনি পর্যন্ত চলে।

মহাজোটের যখন এই অবস্থা, বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটও স্বস্তিতে নেই। বিএনপিরই দুই প্রভাবশালী নেতা মনোনয়ন চাইবেন। তবে এ নিয়ে খুব একটা মাথাব্যথা নেই নেতা-কর্মীদের; বরং আসনটা জোটের শরিক জামায়াত বা জাতীয় পার্টির (কাজী জাফর) ভাগে চলে যায় কি না, সেই শঙ্কা তাঁদের।

মিরপুর ও ভেড়ামারা উপজেলা নিয়ে কুষ্টিয়া-২ আসন। মোট ভোটার প্রায় ৩ লাখ ৭৪ হাজার। মিরপুরে ২ লাখ ৪৩ হাজার; ভেড়ামারায় ১ লাখ ৩১ হাজার। আওয়ামী লীগ মাত্র দুবার এই আসনে জয়ী হয়েছে, ১৯৭০ ও ’৭৩ সালে। এরপর ২০০৬ পর্যন্ত জামায়াত, জাতীয় পার্টি ও বিএনপির দখলে ছিল আসনটি। এখানে বিএনপি সবচেয়ে বেশি, পাঁচবার জিতেছে। তবে ২০০৮ সালে মহাজোটের প্রার্থী হয়ে জাসদের কেন্দ্রীয় সভাপতি ইনু জয়ী হন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন ইনু।

শহীদুল ইসলাম, রাগিব রউফ চৌধুরী
শহীদুল ইসলাম, রাগিব রউফ চৌধুরী

আ.লীগ বনাম জাসদ

জাসদ নেতা ইনুর বাড়ি ভেড়ামারায়। আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফের বাড়িও একই এলাকায়। দুজনই ২০০৮ সালের আগে এখান থেকে একাধিকবার সংসদ নির্বাচনে লড়েছেন। তবে ভোটের রাজনীতিতে বিএনপির প্রার্থীদের কাছে হেরেছেন। জোটের স্বার্থে ২০০৮ সালে ইনুকে আসনটি ছেড়ে দেয় আওয়ামী লীগ। নৌকা প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী শহীদুল ইসলামকে পরাজিত করে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হন ইনু।

মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী প্রথম আলোকে বলেন, ইনু সাংসদ হওয়ার পর তথ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তাঁর সময়ে এই এলাকায় বহু উন্নয়নকাজ হয়েছে। ফলে সবার আশা, আগামী নির্বাচনেও ইনুই মহাজোটের প্রার্থী হবেন।

আগামী নির্বাচন ঘিরে মাঠে সরব আছেন ইনু। প্রায় প্রতি সপ্তাহে নির্বাচনী এলাকায় আসছেন। অংশ নিচ্ছেন দলীয় সভা-সমাবেশে।

মিরপুর-ভেড়ামারায় ইনুর জাসদ মোটামুটি বিরোধহীন। তবে জোটসঙ্গী আওয়ামী লীগের সঙ্গে এখানে জাসদের সম্পর্কটা দা-কুমড়ার মতো। ফলে ইনুকে জোটের মনোনয়ন পেতে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।

আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যেই বলছেন, মিরপুর-ভেড়ামারা সন্ত্রাসকবলিত এলাকা। ইনুর সময়ে এলাকায় সন্ত্রাস থামেনি। পাশাপাশি তিনি এলাকায় তেমন কোনো উন্নয়ন করেননি।

আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই নির্বাচনী এলাকায় এখন মোটামুটি এককাট্টা আছেন। প্রায় সবাই দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হানিফের সমর্থক। হানিফ ২০০৮ সালের নির্বাচনে কুষ্টিয়া-২ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। সেবার তিনি প্রার্থী হওয়ার সুযোগ পাননি। ২০১৪ সালের নির্বাচনে দলীয় সিদ্ধান্তে তিনি কুষ্টিয়া-৩ (সদর) আসনে নির্বাচন করে সাংসদ হন।

হানিফ আগামী নির্বাচনে কুষ্টিয়া-২ আসনে মনোনয়ন চাইবেন কি না, তা স্পষ্ট নয়। তবে তাঁর অনুসারী কামারুল আরেফিন প্রকাশ্যেই এখানে নির্বাচনী প্রচারণায় আছেন।

কামারুল মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। প্রথম আলোকে তিনি বলেন, ‘কেন্দ্রের নির্দেশেই আমি এলাকায় প্রচার চালাচ্ছি। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে আমি প্রস্তুত।’

হানিফ-ইনুর লড়াইয়ের প্রভাব মিরপুর-ভেড়ামারার রাজনীতিতে অনেক আগে থেকেই প্রকাশ্য। মাঝেমধ্যেই দুই দলের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ছেন।

দলীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১০ বছরে ভেড়ামারা-মিরপুরে ৩০টির বেশি মারামারি হয়েছে জাসদ ও আওয়ামী লীগের মধ্যে। প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন। উভয় দলের কার্যালয়ে হামলার ঘটনাও ঘটেছে। পাল্টাপাল্টি মামলায় জেলে যেতে হয়েছে নেতা-কর্মীদের।

উভয় দলের নেতারাই বলছেন, প্রতিপক্ষ তাঁদের কর্মীদের দলে ভেড়ানোর চেষ্টা করে। এতে জাসদের মধ্যে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের মধ্যে জাসদ ঢুকে পড়ছে। এমনকি বিএনপির নেতা-কর্মীরাও জাসদ ও আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

হাসানুল হক ইনু প্রথম আলোকে বলেন, ‘গত নির্বাচনের সময় আমি তিনটা অঙ্গীকার করেছিলাম, অন্ধকার দূর করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেব, সন্ত্রাস দমন করে এলাকায় শান্তি দেব এবং কাদা রাস্তা পাকা করে দেব। এই তিনটা ওয়াদাই পূরণ করেছি।’ তিনি আরও বলেন, ‘এখানে জাসদের নিজস্ব ১ লাখের বেশি ভোট আছে। সে ক্ষেত্রে কারা বিরোধিতা করল, সেটা নিয়ে ভাবছি না।’

আওয়ামী লীগের অভিযোগের ব্যাপারে ইনু বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগের কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি এর আগেও বিরোধিতা করে বিএনপির হয়ে ভোট করেছিল। তারা এখনো আছে। এ নিয়ে আমি মাথা ঘামাই না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত আট বছরে দুই-তিনটা সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেগুলো বংশগত ঘটনা। রাজনৈতিক কোনো বিষয় ছিল না।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, মহাজোটের প্রার্থী যিনি থাকবেন এবং কেন্দ্র যে নির্দেশ দেবে, সেটাই পালন করতে হবে। কেন্দ্রের নির্দেশের বাইরে যাওয়ার সুযোগ নেই। কুষ্টিয়া-২ আসনে প্রার্থী হচ্ছেন কি না—জানতে চাইলে হানিফ বলেন, ‘না, তেমন কোনো ইচ্ছা নেই। সদর আসনেই হয়তো নির্বাচন করব।’

বিএনপি জোটেও অস্বস্তি

বিএনপি জোটও এখানে সুবিধাজনক অবস্থায় নেই। বিএনপিতেই একাধিক ব্যক্তি মনোনয়ন পেতে চান। তার চেয়ে বড় কথা, জোটের দুই শরিক জামায়াত ও জাতীয় পার্টির (কাজী জাফর) দুই নেতা ইতিমধ্যে মাঠ গোছাতে শুরু করেছেন।

জেলা বিএনপির সাবেক সভাপতি শহীদুল ইসলাম মিরপুর-ভেড়ামারা এলাকায় দলের কান্ডারি। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনবার এই আসনে সাংসদ নির্বাচিত হন তিনি।

শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, নির্বাচনে যাওয়ার জন্য তিনি সব সময় প্রস্তুত। ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পারলে তাঁরা যেকোনো নির্বাচনে তাঁকে জয়মাল্য পরাবেন বলে তিনি আশা করেন।

এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী রাগিব রউফ চৌধুরীও। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক। এলাকায় কম যাতায়াত আছে রাগিবের। তবে দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো। রাগিব চৌধুরীর বাবা প্রয়াত আবদুর রউফ চৌধুরী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। এই আসনে তিনবারের সাংসদ রউফ এখানে আওয়ামী লীগকে দুবার জিতিয়েছেন। দলটির আর কোনো নেতা এখানে সাংসদ হতে পারেননি। রউফ বিএনপিতে যোগ দেওয়ার পর ’৯১ সালের নির্বাচনে আরেকবার সাংসদ হন।

রাগিব চৌধুরী বলেন, আগামী নির্বাচনে দল যোগ্য প্রার্থী হিসেবে তাঁকে মনোনয়ন দেবে বলে তিনি আশা করছেন।

মিরপুর উপজেলায় বিএনপির জোটসঙ্গী জামায়াতের কর্মী-সমর্থক একটু বেশিই। ১৯৮৬ সালে এরশাদের শাসনামলে জামায়াতের আবদুল ওয়াহেদ দাঁড়িপাল্লা প্রতীকে জয়ী হন।

কুষ্টিয়ায় একমাত্র এই আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত আছে জামায়াতের। দলটির সম্ভাব্য প্রার্থী হিসেবে আবদুল গফুর কেন্দ্রীয় নির্দেশনায় মাঠে নীরবে প্রচারণা চালাচ্ছেন। তিনি মিরপুর উপজেলা জামায়াতের আমির ও উপজেলার সাবেক চেয়ারম্যান।

আবদুল গফুর প্রথম আলোকে বলেন, নির্বাচনের জন্য তাঁদের প্রস্তুতি আছে। কর্মীদের সঙ্গে যোগাযোগ আছে। জোটের কাছে জোর দাবি থাকবে জামায়াতকে আসনটি ছেড়ে দিতে। বর্তমানে এলাকায় তেমন কোনো চাপ নেই। দল সুসংগঠিত রয়েছে।

আর এই আসনে ১৯৮৮ সালের নির্বাচনে জাতীয় পার্টির আহসান হাবিব লাঙ্গল প্রতীকে জয়ী হন। তিনি এখন জাতীয় পার্টির (কাজী জাফর) কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য। আহসান হাবিবের বাড়ি ভেড়ামারায়। ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। জোটের সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনিও মাঠে আছেন।

আহসান হাবিব বলেন, আসনটি জোট তাঁর জন্য ছেড়ে দেবে বলে আশা করছেন।