দুই জোটের একাধিক প্রার্থী কর্মীরা বিভক্ত, বিভ্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে দুই জোট থেকে একাধিক ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁদের চারজনের তিনজনই নতুন প্রার্থী। একাধিক প্রার্থী হওয়ায় দুই জোটের কর্মী-সমর্থকেরাই দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন।

আওয়ামী লীগের পক্ষ থেকে গত রোববার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এর ফলে এ আসনের বর্তমান সাংসদ আবুল কালাম নৌকা থেকে ছিটকে পড়েন। শহিদুল ইসলাম গতকাল ঢাকা থেকে এলাকায় ফিরলে দলের একাংশ তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। গতকাল দিনভর ওই প্রার্থী প্রয়াত আওয়ামী লীগ নেতাদের কবর জিয়ারত, মাজার জিয়ারত করা ছাড়াও প্রবীণ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ব্যস্ত সময় কাটান। তাঁর পক্ষে এলাকায় রীতিমতো ভোট চাওয়া শুরু হয়েছে। তিনি এবার প্রথম সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন।

এরই মধ্যে সন্ধ্যায় মহাজোটের শরিক দল জাতীয় পার্টি থেকে নাটোর-১ আসনের সাবেক (২০০৮) সাংসদ আবু তালহাকে মনোনয়ন দেওয়া হয়। তিনি নিজেকে মহাজোটের প্রার্থী হিসেবে ঘোষণা দেন। আবু তালহা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমাকে মাননীয় প্রধানমন্ত্রী এই আসনে মনোনয়ন দিয়েছেন।’ আবু তালহার মনোনয়নের খবরে গতকাল সন্ধ্যা থেকে জাতীয় পার্টির নেতা-কর্মীরা উৎসবে মেতে ওঠেন।

এদিকে বিএনপি  থেকে এই আসনে গতকাল রাতে বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম ও সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের স্ত্রী কামরুন্নাহার শিরিনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। দুজনই এবারই প্রথম সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। দলীয় কোন্দলের কারণে তাঁদের রয়েছে পৃথক কর্মী-সমর্থক।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন তালুকদার গতকাল রাতে বলেন, কামরুন্নাহার শিরিন দলের মনোনীত প্রথম প্রার্থী। তবে ভবিষ্যতে কোনো ধরনের অসুবিধার শঙ্কা থেকে তাইফুলকেও মনোনয়নপত্র দাখিলের টিকিট দেওয়া হয়েছে। তাইফুল ইসলামের কর্মী-সমর্থকেরাও পিছিয়ে নেই। তাঁরাও ধানের শীষ ঘরে তুলতে আনন্দে মেতে উঠেছেন।

তাইফুল ইসলাম দলীয় মনোনয়ন লাভের বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই এলাকার প্রবীণ নেতাদের সঙ্গে মুঠোফোনে দোয়া চেয়ে যোগাযোগ শুরু করেছেন।