দুই জোটের সমস্যা বিদ্রোহী প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মহাজোট ও চারদলীয় জোটে প্রার্থীর সামনে প্রধান সমস্যা বিদ্রোহী প্রার্থী। তাঁদের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরাতে জেলা ও স্থানীয় নেতাদের উদ্যোগ ভেস্তে গেছে। এই পরিস্থিতিতে কাল বৃহস্পতিবার দাগনভূঞা পৌরসভার ভোট নেওয়া হবে।দাগনভূঞা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী ও ভোটার আতিক উল্লাহ ও আলাইয়ারপুরের আবদুল হাই জানান, দাগনভূঞা পৌর নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না, সন্দেহ হচ্ছে। ভোটারদের এ আশঙ্কাকে কেউ একদম উড়িয়ে দিচ্ছেন না। নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এ পৌরসভায় মেয়র পদে নয়জন, কাউন্সিলর পদে সংরক্ষিত তিনটি ওয়ার্ডে ১৬ জন ও নয়টি সাধারণ ওয়ার্ডে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদপ্রার্থী মো. ওমর ফারুক খান, নুরুল হুদা ও মোহাম্মদ হোসেন স্থানীয় আওয়ামী লীগের নেতা। বিএনপির দুই প্রার্থী হলেন বর্তমান মেয়র আকবর হোসেন ও মো. আবদুল্লাহ। এ ছাড়া জামায়াতে ইসলামীর নজির আহম্মদ, জাতীয় পার্টির বেলায়েত হোসেন ও স্বতন্ত্র থেকে দুই প্রার্থী হলেন আবুল কায়েস ও নিতাই চন্দ্র নাথ। ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান দলের বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে সরিয়ে দিতে উদ্যোগ নেওয়ার কথা স্বীকার করেছেন। আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী মো. ওমর ফারুক খান বলেন, ‘দলের তৃণমূল নেতা-কর্মীদের গোপন ভোটে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে।’ দাগনভূঞা পৌরসভার বর্তমান মেয়র ও বিএনপি-সমর্থিত প্রার্থী আকবর হোসেন বলেন, তিনি গত সাত বছর নির্বাচিত মেয়র হিসেবে দাগনভূঞাবাসীর জন্য কাজ করেছেন। ভোটাররা এখন তাঁর কাজের মূল্যায়ন করবেন বলে তিনি আশাবাদী।