দুই জ্যেষ্ঠ প্রকৌশলীকে গ্রেপ্তার, উত্তপ্ত রাজউক
অর্থ আত্মসাতের মামলায় দুই জ্যেষ্ঠ প্রকৌশলীকে গ্রেপ্তারের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রজউক) কার্যালয়। এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবারও দাপ্তরিক কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।
গত সোমবার রাতে রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ছাইদুর রহমান এবং রাজউকের নির্বাহী প্রকৌশলী, গুলশান-বনানী-বারিধারা ও উত্তরা লেক উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ দুই প্রকৌশলী রাজউকের পূর্বাচল প্রকল্পে সাড়ে তিন কোটি টাকা আত্মসাৎ মামলার এজাহারভুক্ত আসামি। ওই রাতেই এ দুই প্রকৌশলীসহ মোট ১২ জনকে আসামি করে নারায়ণগঞ্জ সদর থানায় একটি মামলা করেন দুদকের সহকারী পরিচালক সালাম আলী মোল্লা।
দুই প্রকৌশলীকে গ্রেপ্তারের পরদিন থেকেই রাজউকের কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করতে থাকেন। গতকালও বিক্ষোভ অব্যাহত থাকে এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।