দুই জ্যেষ্ঠ শিক্ষককে হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই জ্যেষ্ঠ শিক্ষক অভিযোগ করেছেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষকের সাজানো অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের হয়রানি করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছুটির মেয়াদ তিন দফা বৃদ্ধি করে তাঁদের কার্যত ক্যাম্পাস-ছাড়া করেছেন। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে তদন্তও করা হচ্ছে। ভুক্তভোগী ওই দুই শিক্ষক হলেন মার্কেটিং বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এম এম শরীফুল করীম। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৬ নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মাহফুজুর রহমান তাঁকে জখম করা হয়েছে উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই ঘটনায় দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ গোপাল চন্দ্র সেন এবং সিন্ডিকেট সদস্য কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুণ্ডু গোপীদাস।ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই শিক্ষককে প্রথম দফা ক্যাম্পাসে না আসার পরামর্শসহ ২০০৯ সালের ১৩ ডিসেম্বর থেকে ২০১০ সালের ১২ জানুয়ারি, দ্বিতীয় দফা গত ১৩ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি এবং তৃতীয় দফা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বৃদ্ধি করেন। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে তদন্তকাজও অব্যাহত রাখেন। এর মধ্যে তদন্ত কমিটি গত ২৭ ডিসেম্বর তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেয়। দুই শিক্ষক ৪ জানুয়ারি নোটিশের জবাব দেন। এদিকে গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডে তাঁরা তদন্ত কমিটির সামনে সাক্ষাত্কার দেন। ওই সাক্ষাত্কারে তাঁরা আনীত অভিযোগ অস্বীকার করেন। তদন্ত কমিটির দুই সদস্য গোপাল চন্দ্র সেন এবং অধ্যাপক কুণ্ডু গোপীদাস বলেন, ‘তদন্তকাজ চলছে। দুপক্ষের বক্তব্য নেওয়া হয়েছে। আমরা শিগগিরই উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দেব।’উপাচার্য মো. আমির হোসেন খান বলেন, ‘তদন্তাধীন বিষয়ে এ মুহূর্তে কোনো কথা বলতে চাই না।’ সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, ১৯ ফেব্রুয়ারি সিন্ডিকেটের সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, শিক্ষক মাহফুজুর রহমান ঘটনার ৩৯ দিন পর অভিযোগ করেন। ওই দিন কোথায় কখন ঘটনা হয়েছে তা উল্লেখ করেননি। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার কিংবা কোনো হাসপাতাল থেকে তিনি চিকিত্সাসেবা নেননি।এ ব্যাপারে মাহফুজুর রহমান বলেন, ‘তত্কালীন উপাচার্যের লোক হওয়ায় তখন তাঁদের বিরুদ্ধে অভিযোগ করিনি। আঘাত সে রকম না হওয়ায় হাসপাতালে যাইনি।’