দুই টাকা কেজি দরেও ক্রেতা মিলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় কাঁচা মরিচের ভয়াবহ দরপতনে চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। লাভ তো দূরের কথা, হাটে মরিচ নিয়ে উল্টো গাঁটের টাকা খরচ করে বাড়ি ফিরতে হচ্ছে চাষিদের। বর্তমানে প্রতি কেজি মরিচ মাত্র দুই টাকা দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তাঁরা।গতকাল বুধবার উপজেলার উথলী হাটে গিয়ে কথা হয় মরিচচাষি মামুনুর রশিদের (৪৫) সঙ্গে। তিনি ভোরে দুই টাকা কেজি দরে মজুরি দিয়ে খেত থেকে ৩০ কেজি কাঁচা মরিচ তুলে হাটে নিয়ে আসেন। মরিচ হাটে নিয়ে আসতে তাঁর ভ্যানভাড়া যায় ১২ টাকা। খেত থেকে হাটে মরিচ আনতে তাঁর ৭২ টাকা খরচ হয়। অথচ তিনি সেই মরিচ বিক্রি করে পান ৬০ টাকা।পাশেই বসে থাকা ইয়াকুব আলী (৫০) তখন তাঁর মরিচ বিক্রি করতে পারেননি। তিনি বলেন, ‘দুই ট্যাকা কেজি দরেও হামার পত্তা আর ব্যাচা হবি বল্যা মনে হচ্ছে না।’ মরিচের ব্যবসায়ীরা জানান, মরিচের অধিক ফলনের কারণে এমন অব্যাহত দরপতনের ঘটনা ঘটছে।