ঢাকা-নারায়ণগঞ্জ পথে চলাচলকারী আনন্দ পরিবহন কর্তৃপক্ষ চাঁদা দেওয়া বন্ধ করে বাসভাড়া দুই টাকা কমানোর ঘোষণা দিয়েছে। গতকাল বুধবার সংবাদ সম্মেলন করে কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়। আজ বৃহস্পতিবার থেকে নতুন ভাড়া কার্যকর হবে।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবে গতকাল দুপুরে সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পাঠ করেন আনন্দ পরিবহনের বাসমালিক লুৎফর রহমান। এ সময় বাস মালিকদের মধ্যে আক্রাম প্রধান, নুরুজ্জামান নুরু, দেলু হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার বাসমালিকেরা গত সাড়ে ৪ বছরে আনন্দ পরিবহন থেকে ২৩ কোটি ৪৭ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ এনে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
গতকাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাসমালিকেরা অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নারায়ণগঞ্জের চিহ্নিত গডফাদারের লোক হিসেবে পরিচিত মুক্তার হোসেন এবং তাঁর সহযোগী দিদারুল ইসলাম, সাইফুল উদ্দিন, জয়নাল আবেদীন, মোস্তফা কামাল, সুলতান ড্রাইভার ও আহামঞ্চদ আলী আনন্দ পরিবহন থেকে চাঁদাবাজি শুরু করেন। তাঁরা পরিবহন থেকে প্রতিদিন এক লাখ ২০ হাজার টাকা করে চাঁদা নিচ্ছেন। এই হিসাবে গত সাড়ে চার বছরে মোট ২১ কোটি ১৮ লাখ টাকা চাঁদা নিয়েছেন। বাসমালিকদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুক্তার হোসেন বলেন, ‘আমি কোনো ধরনের চাঁদাবাজির সঙ্গে জড়িত না।’