দুই টাকার জন্য যাত্রীকে পিটিয়ে হত্যা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আজ শনিবার দুই টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে লেগুনার এক যাত্রীকে চালক ও তাঁর সহকারী পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সকাল সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন গাজীপুরের সদর উপজেলার লোহাকৈর এলাকার করিম মিয়ার ছেলে সফিউদ্দিন (৪৫)। তিনি তেলিরচালা এলাকার করিম টেক্সটাইলের শ্রমিক ছিলেন।
ঘটনার পর লেগুনার চালক বাবুল মিয়া (৩০) ও তাঁর সহযোগী মো. সোহাগকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী লেগুনার যাত্রী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সফিউদ্দিন আজ সকালে পারিবারিক কাজে কোনাবাড়ি যান। সেখানে কাজ শেষে তেলিরচালায় কারখানায় যাওয়ার জন্য একটি লেগুনায় ওঠেন তিনি। কোনাবাড়ি থেকে তেলিরচালা পূর্বানী পর্যন্ত ভাড়া তিন টাকা। সফিউদ্দিন লেগুনার সহযোগী সোহাগকে ১০ টাকার একটি নোট দেন। সহযোগী সোহাগ তাঁকে পাঁচ টাকা ফেরত দেন। সফিউদ্দিন তাঁর কাছে বাকি দুই টাকা ফেরত চাইলে সোহাগ জানান, দুই টাকা ভাংতি নেই। এ নিয়ে তাঁদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এরই মধ্যে লেগুনাটি তেলিরচালা এলাকায় পৌঁছে যায়। সেখানে পৌঁছানোর পরও তাদের বাকবিতণ্ডা চলতে থাকে ও হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে লেগুনার চালক বাবুল মিয়া তাঁর আসন থেকে নেমে আসেন। এ সময় বাবুল ও সোহাগ মিলে লাঠিসোঁটা নিয়ে সফিউদ্দিনকে এলোপাঁতাড়ি মারধোর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সফিউদ্দিনকে আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিত্সক সফিউদ্দিনকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আটক হওয়া বাবুল ও সোহাগ প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, দুই টাকা ভাংতি না থাকায় সফিউদ্দিনকে ফেরত দেওয়া সম্ভব হয়নি। এ নিয়েই ঝগড়া ও পরে মারামারি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম রেজা প্রথম আলোকে বলেন, মারধরের কারণেই সফিউদ্দিনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লেগুনার অন্য যাত্রীদের কাছ থেকেও একই রকম তথ্য পাওয়া গেছে।