দুই টিলা কেটেই আবাসন প্রকল্প!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ড্রীম সিটি কর্তৃপক্ষকে ঢাকায় তলবের নোটিশ বাতিল বা স্থগিতে বাধ্য করতেই গত বুধবার পরিবেশ অধিদপ্তরের গবেষণাগারে হামলা চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিষয়টি উল্লেখসহ হামলার ঘটনায় একটি প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে সিলেট পরিবেশ অধিদপ্তর। আবাসন প্রকপ্লের নামে ওই ছোট দুটি টিলা কাটা হয়।পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট দপ্তরের নোটিশে উল্লেখ করা হয়, সিলেট বিমানবন্দর এলাকার বড়শালা মৌজায় দুটি টিলার মধ্যে একটির ৫৫ ফুট এবং অন্যটির ২৪ ফুট মাটি কেটে সমান্তরাল করা হয়েছে। অধিদপ্তরের অনুমোদন ছাড়া টিলা কেটে পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি সম্পর্কে আবাসন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অথবা প্রতিনিধি মারফত কারণ দর্শাতে বলা হয়। আবাসনের নামে টিলা কাটার ঘটনা স্থানীয়ভাবে পর্যবেক্ষণের কথা উল্লেখ করে গত ১৪ মার্চ তলব নোটিশটি জারি হয়। বড়শালা এলাকায় গিয়ে দেখা গেছে, মরহুম ফারুক আহমদের নামে দুটি টিলা কেটে সমান করা অংশকে ঘিরে ‘ফারুক ড্রীম সিটি’ নামের আবাসন প্রতিষ্ঠান গড়ে উঠছে। একটি টিলা ৫৫ ফুট দৈর্ঘ্য, ৪৪ ফুট প্রস্থ ও ২৫ ফুট উঁচু এবং অন্যটি ৭৪ ফুট দৈর্ঘ্য, ৪০ ফুট প্রস্থ ও ২০ ফুট উঁচু। দুটি টিলার মাটি কেটে সমান করে প্লট আকারে বিক্রি করতে ফারুক আহমদের ছেলে মিনহাজ উদ্দিন ‘ফারুক ড্রীম সিটি’ নামকরণ করে আবাসন ব্যবসা শুরু করেন। জানা গেছে, মিনহাজ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে টিলা কাটার কাজ দেন বিমানবন্দর এলাকার বাসিন্দা খাদিমপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ সরকারকে। পরিবেশ অধিদপ্তর ঢাকায় তলব করে মিনহাজের নামে জারি করা নোটিশ নিয়ে জুনায়েদ গত বুধবার পরিবেশ অধিদপ্তরের সিলেট কার্যালয়ে যান এবং তাঁর নেতৃত্বেই হামলা হয়। জুনায়েদ গতকাল প্রথম আলোর কাছে আবাসন প্রতিষ্ঠানের পক্ষে টিলা কাটার কাজ তদারকির কথা স্বীকার করে বলেন, ‘ব্যক্তিমালিকানাধীন টিলা দুটি প্রায় এক মাস আগে কাটা শেষ হয়েছে। টিলা কাটা শেষে নোটিশ দেওয়ায় আমরা পরিবেশ অধিদপ্তরে গিয়েছিলাম।’ ঢাকায় তলব ঠেকাতেই হামলা কি না—জানতে চাইলে জুনায়েদ বলেন, ‘আমাদের সঙ্গে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা খুব বাজে ব্যবহার করেছিলেন। এ জন্য রাগের মাথায় চেয়ার-ছোড়াছুড়ি করে আমরা বের হয়ে এসেছি। পরে বিষয়টিকে তাঁরা ফুলিয়ে-ফাঁপিয়ে বড় করে ফেলেছেন।’ মিনহাজের সঙ্গে যোগাযোগ করলে তিনি সিলেটের বাইরে অবস্থান করছেন জানিয়ে দাবি করেন, পরিবেশ অধিদপ্তরের কোনো তলব নোটিশ তিনি পাননি। তিনি বলেন, ‘টিলা কাটতে পরিবেশ অধিদপ্তরকে টাকা দেওয়া হয়েছে। টাকা নিয়েও কেন নোটিশ করা হলো—এ জন্য লোকজন ক্ষুব্ধ হতে পারেন।’ আবাসন প্রতিষ্ঠানটির অনুমোদন প্রক্রিয়াধীন বলে মিনহাজ জানান। এদিকে পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, এনফোর্সমেন্ট দপ্তরের তলব নোটিশ ঠেকাতেই হামলা হয়েছে। এতে বলা হয়, গত ১৪ মার্চ ঘটনাস্থল পরিদর্শনকালে আবাসন প্রতিষ্ঠানের লোকজন পরিবেশ অধিদপ্তরের পর্যবেক্ষণকে ব্যাহত করতে নানা রকম তৎপরতা করে। টিলা কাটার ছবি তুলতে গেলে একাধিকার বাধা দেওয়া হয়। যে আবাসন প্রতিষ্ঠানের নামে টিলা কাটা হয়, সেটিরও কোনো ছাড়পত্র নেই। নামসর্বস্ব আবাসন ব্যবসার আড়ালে ভূমির দাম বাড়াতেই টিলা কেটে সমান্তরাল করা হয়। পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক এস এম ফজলুল করিম চৌধুরী বলেন, তলব নোটিশ ঠেকাতেই হামলা করা হয়েছে।