দুই ট্রলারসহ ২৩ জেলে অপহূত, মুক্তিপণ দাবি
সুন্দরবন-সংলগ্ন বঙ্গোপসাগরের পক্ষীদিয়া এলাকায় মুক্তিপণের দাবিতে দুটি ট্রলারসহ ২৩ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দস্যু সাগর বাহিনী পক্ষীদিয়ার ওই এলাকায় অন্তত ৩০টি ট্রলারে আকস্মিক হামলা চালিয়ে তাঁদের অপহরণ করে নিয়ে যায়।জলদস্যুদের হামলার শিকার হয়ে ফিরে আসা জেলে মিজানের বরাত দিয়ে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বুধবার দুপুরে পাথরঘাটায় এ খবর নিশ্চিত করেছেন। বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মাঝি জানান, বঙ্গোপসাগরের পক্ষীদিয়া এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় জেলেবহরে মাছ ধরছিলেন জেলেরা। এ সময় ওই জেলেবহরের অন্তত ৩০টি ট্রলারে আকস্মিক হামলা চালায় জলদস্যু সাগর বাহিনী। সশস্ত্র জলদস্যুরা হামলা করে প্রতিটি ট্রলার থেকে টাকা, মুঠোফোন, চাল, খাওয়ার পানি, জ্বালানি তেল, ট্রলারের যন্ত্রাংশ, ইলিশ মাছসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল এবং এফবি হরিণঘাটা ও আল্লার দান-১ ট্রলার নিয়ে গেছে।মুক্তিপণের দাবিতে অপহূত জেলেরা হলেন: চুন্নু মাঝি, জামাল মাঝি, সিদ্দিক মাঝি, কাইউম মাঝি, বাদল মাঝি, কবির মাঝি, নেছার মাঝি ও জুলহাস মাঝি। এঁদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটার বাদুড়তলা ও জিনতলা গ্রামে। পাথরঘাটায় ফিরে আসা জেলে মিজানের বরাত দিয়ে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী আরও বলেন, পাথরঘাটার আটটি ট্রলার ছাড়াও বাগেরহাটের ১৫টি ট্রলারে ডাকাতি করেছে জলদস্যু সাগর বাহিনী। এ সময় ওই ১৫টি ট্রলার থেকে ১৫ জন মাঝিকে অপহরণ করে নিয়ে যায় বলে তিনি দাবি করেন। তবে ওই ১৫ জন জেলের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি। এ ব্যাপারে কোস্টগার্ডের দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ইশতিয়াক আহম্মেদ জানান, সাগরে ডাকাতি হওয়ার খবর জেলেদের মাধ্যমে তিনি শুনেছেন। তবে ঘটনাস্থলটি পশ্চিম জোনের মধ্যে হওয়ায় পশ্চিম জোন কোস্টগার্ডকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে। তারা ব্যবস্থা নিচ্ছে।