ময়মনসিংহের গফরগাঁও ও গাজীপুরের শ্রীপুর উপজেলার সীমান্তবর্তী ব্রহ্মপুত্র, শীতলক্ষ্যা ও বানার নদীর মোহনা ত্রিমোহনী এলাকায় গতকাল শুক্রবার যাত্রীবাহী দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুজন নিহত হয়েছেন।
নিহত দুজন হলেন গফরগাঁও উপজেলার নিগুয়ারি ইউনিয়নের অললী গ্রামের আসমা বেগম (৪১) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ গ্রামের আশরাফ উদ্দিন শেখের আট মাসের মেয়ে সাবেকুন নাহার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা দেড়টার দিকে ব্রহ্মপুত্র নদের গাজীপুরের কাপাসিয়া ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সংযোগস্থল টোক চানপুর ঘাট থেকে যাত্রীবাহী একটি ট্রলার গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমীর উদ্দেশে যাওয়ার সময় ত্রিমোহনী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রলার ডুবে যায়।
স্থানীয় লোকজন জানান, ডুবে যাওয়া ট্রলারে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। ট্রলারডুবির পরপরই অনেকে সাঁতরে তীরের ওঠেন। আসমা বেগমের লাশ উদ্ধার করেন স্থানীয় লোকজন। পরে শিশু সাবেকুন নাহারকে উদ্ধার করে বরমী নাগরিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গফরগাঁওয়ের নিগুয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, প্রথম অবস্থায় উদ্ধারকাজে এলাকাবাসী ও পরে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা, গাজীপুরের শ্রীপুর ও কাপাসিয়া থানার পুলিশও অংশ নেয়। গফরগাঁওয়ের পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, বিকেল পাঁচটার দিকে উদ্ধারকাজে যোগ দেয় ময়মনসিংহের ডুবুরি দল। আবদুর রহিম ও মজিদা খাতুন নামের দুজন নিখোঁজ রয়েছেন।