দুই ট্রাইব্যুনালে নয় হাজার মামলা, বিচারক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রয়েছে তিনটি। এর মধ্যে গত বছরের জুলাই থেকে ট্রাইব্যুনাল-৩-এ বিচারক নেই। আর এ বছরের জানুয়ারি থেকে বিচারকশূন্য অবস্থায় রয়েছে ট্রাইব্যুনাল-২। দুটি ট্রাইব্যুনালে নয় হাজারের বেশি মামলা রয়েছে। বিচারক না থাকায় এসব ট্রাইব্যুনালে কোনো মামলার সাক্ষ্য গ্রহণ ও শুনানি হচ্ছে না। কেবল মামলার তারিখ পড়ছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিচারপ্রার্থীরা।

চট্টগ্রাম জেলার পটিয়া, হাটহাজারী, ফটিকছড়ি, ভুজপুর, মিরসরাই, সন্দ্বীপ ও জোরারগঞ্জ থানার এবং নগরের পাহাড়তলী, আকবরশাহ, খুলশী ও বাকলিয়া থানার বাসিন্দারা নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ট্রাইব্যুনাল-৩-এ মামলা করতে পারেন। আর নগরের ডবলমুরিং, বন্দর, ইপিজেড, পতেঙ্গা, বায়েজিদ বোস্তামী, সীতাকুণ্ড, রাউজান, রাঙ্গুনিয়া ও লোহাগাড়া থানার বাসিন্দারা ট্রাইব্যুনাল-২-এ-মামলা করতে পারেন। আর ট্রাইব্যুনালে-১-এ মামলা করতে পারেন নগরের চকবাজার, কোতোয়ালি, পাঁচলাইশ, চান্দগাঁও ও কর্ণফুলী থানা এবং জেলার বাঁশখালী, আনোয়ারা, সাতকানিয়া, চন্দনাইশ ও বোয়ালখালীর বাসিন্দারা।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত বছরের ১৩ জুলাই এই ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) দিলীপ কুমার দেবনাথ বদলি হয়ে যান। এরপর নতুন কোনো বিচারক নিয়োগ দেওয়া হয়নি। ট্রাইব্যুনালে চার হাজার মামলা বিচারাধীন রয়েছে। বিচারক না থাকায় এসব মামলার ধার্য দিনে কেবল তারিখ পড়ছে। এতে ভোগান্তিতে পড়ছেন বিচারপ্রার্থীরা। দ্রুত বিচারক নিয়োগ দেওয়ার জন্য আইনজীবী সমিতির মাধ্যমে আইন মন্ত্রণালয়কে জানানো হয়েছে বলে জানান তিনি।

২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি পটিয়া পৌরসভা এলাকায় প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় করা মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। কিন্তু ট্রাইব্যুনাল-৩-এ বিচারক না থাকায় গত সাড়ে ছয় মাসেও অভিযোগ গঠনের শুনানি করা যাচ্ছে না। এই সময়ের মধ্যে শুনানির জন্য চারবার তারিখ নির্ধারণ করা হয়। প্রতিটি ধার্য দিনে মামলার বাদী ওই কিশোরীর চাচা মো. আবদুল্লাহ পটিয়া থেকে ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন। তিনি বলেন, মেয়েটির মা-বাবা বেঁচে নেই। সে স্বাভাবিক জীবনযাপনও করতে পারে না। তার ওপর এত বড় অন্যায় হওয়ার পরও বিচার শুরু হচ্ছে না।

২০১৩ সালে স্বামীর বিরুদ্ধে ট্রাইব্যুনাল-৩-এ যৌতুকের মামলা করেন নগরের খুলশীর বাসিন্দা জনি সামন্ত মহাজন। এই মামলার সাতজন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত দুজনের সাক্ষ্য হয়েছে। বিচারক না থাকায় গত সাড়ে ছয় মাসে নতুন করে আর কারও সাক্ষ্য নেওয়া যায়নি।

একই অবস্থা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারপ্রার্থীদেরও। গত জানুয়ারি থেকে এই ট্রাইব্যুনালেও বিচারক নেই। এই ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি এম এ নাসের প্রথম আলোকে বলেন, ট্রাইব্যুনালে ৫ হাজার ২০৮টি মামলা বিচারাধীন রয়েছে। বিচারক না থাকায় প্রতিটি ধার্য দিনে বিভিন্ন মামলার সাক্ষী ও বাদীকে ফেরত যেতে হচ্ছে।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি কফিল উদ্দিন চৌধুরী বলেন, বিচারক না থাকলে স্বাভাবিক কারণেই মামলাজটের সঙ্গে বিচারপ্রার্থীদের ভোগান্তিও বাড়ে। দুটি ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ দিতে সমিতির পক্ষ থেকে তাঁরা আইন মন্ত্রণালয়কে জানিয়েছেন।

আর সমিতির নবনির্বাচিত সভাপতি রতন কুমার রায় বলেন, ট্রাইব্যুনালে দ্রুত বিচারক নিয়োগ দিতে তাঁরা আইনমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে শিগগিরই যোগাযোগ করবেন।