দুই ট্রাক নকল সিগারেট উদ্ধার
পাবনার ঈশ্বরদীতে গতকাল সোমবার ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির মোড়কে তৈরি করা কোটি টাকার দুই ট্রাক নকল সিগারেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়।
বিকেলে শহরের বিমানবন্দর সড়কে একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ওই সিগারেট আটক ও দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কুষ্টিয়ার পোড়াদহ গোবিন্দপুর গ্রামের শামসুদ্দীন মণ্ডলের ছেলে উজ্জ্বল (৩৮) এবং রাজশাহীর মতিহার থানার নতুন বুধপাড়ার আমির হোসেনের ছেলে আল আমিন (৩০)।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর সড়কের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে সিগারেটগুলোসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় নকল সিগারেট তৈরির কারখানার মালিক গিয়াস উদ্দিন কৌশলে পালিয়ে যান। গিয়াস কুষ্টিয়ার আল্লারদর্গা জয়রামপুর গ্রামের ওয়াজেদ সরকারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নকল গোল্ডলিফ ও স্টার সিগারেট অন্য জায়গা থেকে তৈরি করে আনেন গিয়াস উদ্দিন। এরপর ওই ভাড়া বাড়িতে শিশু ও নারী শ্রমিকদের দিয়ে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করেন। আটক সিগারেটের দাম কোটি টাকার বেশি।