দুই ট্রাকচালকসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় পঞ্চগড়ে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক এবং নওগাঁর রানীনগরে এক পথচারী নিহত হয়েছেন।
পঞ্চগড়ের দুর্ঘটনাটি ঘটে গতকাল বুধবার সকালে বোদা উপজেলার নাজিরপাড়া নামক স্থানে। নিহত ব্যক্তিরা হলেন বগুড়া জেলার মোকামতলা আলচন্দ্রপুর এলাকার আলম মিয়া (৪০) এবং ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ট্রাকচালক মুসা মিয়া (৫০)। এ ঘটনায় ট্রাক দুটির দুই সহকারী ঝিনাইদহ এলাকার সোহাগ (২৫) এবং তেঁতুলিয়া উপজেলার ভজনপুর-মালিগছ এলাকার কবারউদ্দীন (৫৫) আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় থেকে টমেটোবোঝাই একটি ট্রাক বগুড়া যাচ্ছিল। একই দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক (ঝিনাইদহ) থেকে আসা একটি ট্রাকের সঙ্গে টমেটোবোঝাই ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই চালক নিহত হন। এ সময় ট্রাক দুটির ইঞ্জিন দুমড়েমুচড়ে যায়।
বগুড়ার আদমদীঘি প্রতিনিধি জানান, গত মঙ্গলবার গভীর রাতে নওগাঁর রানীনগরে সড়ক দুর্ঘটনায় আবদুল খালেক (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার খট্টেশ্বর কারিগর পাড়া গ্রামের বাসিন্দা। রানীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ধারণা করা হচ্ছে কোনো চলন্ত গাড়ির সঙ্গে ধাক্কা লাগার কারণে তিনি মারা গেছেন।