দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী নামক এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে শাহাদাত হোসেন (২৪) নামের এক চালক মারা গেছেন। আহত হয়েছেন তিনজন।

আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জিংলাতলী এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রামগামী ট্রাকের চালক শাহাদাত ঘটনাস্থলে মারা যান। আহত হন দুই ট্রাকচালকের সহকারী মহিউদ্দিন ও গোলাম মোস্তফা। এ সময় ওই রাস্তা দিয়ে স্কুলে যাওয়ার পথে আহত হয় জিংলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র সাজ্জাদ হোসেন (৮)। আহত সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, লাশ পুলিশ হেফাজতে রয়েছে। তবে অপর চালক পলাতক। এ ঘটনায় দাউদকান্দি থানায় মামলার প্রস্তুতি চলছে।