দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকচালকের সহকারী (হেলপার) দুজন। আজ বুধবার বেলা ১১টার দিকে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে বোদা উপজেলার নাজিরপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন বগুড়া জেলার মোকামতলা আলচন্দ্রপুর এলাকার আবদুস সালামের ছেলে ট্রাকচালক আলম মিয়া (৪০) ও ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ট্রাকচালক মুসা মিয়া (৫০)। আহত ব্যক্তিরা হলেন ঝিনাইদহের সোহাগ (২৫) ও তবারউদ্দিন (৫০)। তাঁদের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, পঞ্চগড় থেকে টমেটোবোঝাই একটি ট্রাক বগুড়া যাচ্ছিল। একই দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই চালক নিহত হন। ট্রাক দুটি দুমড়েমুচড়ে গেছে। খবর পেয়ে পঞ্চগড়, বোদা ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের তিনটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বোদা সাবস্টেশনের ব্যবস্থাপক নজরুল ইসলাম জানান, এক ঘণ্টা চেষ্টার পর নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করা হয়। এ সময় দুপাশে যানবাহন চলাচল বন্ধ ছিল। এক ঘণ্টা পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম দুর্ঘটনায় দুই ট্রাকের চালক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।