দুই ট্রাকের সংঘর্ষ অগ্নিদগ্ধ হয়ে চালকের মৃত্যু
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল বৃহস্পতিবার দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় একটি ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে একজন ট্রাকচালক মারা গেছেন। কদিম ধল্যা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম মো. হাসান (৩৫)। তাঁর বাড়ি ভূঞাপুর উপজেলার রাউদবাড়ি গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে ঢাকাগামী বালুবোঝাই একটি সিএনজিচালিত ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত ট্রাকটির গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হলে অপর ট্রাকটিতে আগুন ধরে যায়। এতে ওই ট্রাকের চালক মো. হাসান অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন সিএনজিচালিত ট্রাকের চালক সোহেল (৪১)। তাঁকে মুমূর্ষু অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। এলাকাবাসীর সহায়তায় তাঁরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ দুর্ঘটনার কারণে এ মহাসড়কে দেড় ঘণ্টা যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ ছিল।