দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ২
ময়মনসিংহের ভালুকা উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ীসহ দুজন নিহত ও এক ট্রাকচালক আহত হয়েছেন। গতকাল শুক্রবার উপজেলার হাজীরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার শ্যামপুর গ্রামের মনির হোসেন (২৫) ও শেরপুর সদর উপজেলার টিকারচড়া গ্রামের মো. শফিক (২৭)। এঁদের মধ্যে মনির হোসেন ব্যবসায়ী এবং শফিক ট্রাকচালকের সহকারী ছিলেন। আহত ট্রাকচালক রফিকুল ইসলাম (৩৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হাজীরবাজার এলাকায় ঢাকা থেকে ময়মনসিংহগামী চিনিভর্তি একটি ট্রাকের সঙ্গে ময়মনসিংহ থেকে ঢাকাগামী সবজি ও চালবোঝাই অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ময়মনসিংহগামী ট্রাকচালকের সহকারী মো. শফিক ও ঢাকাগামী ট্রাকে থাকা সবজি ব্যবসায়ী মনির হোসেন নিহত হন।