দুই ট্রাকের সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মেঘনা-গোমতী সেতুর ওপর আজ বুধবার ভোর সাড়ে চারটার দিকে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে রেকার এনে দুর্ঘটনা-কবলিত ট্রাক দুটি অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। তবে অতিরিক্ত যানবাহনের চাপে যানজটের সৃষ্টি হয়। যান চলাচল স্বাভাবিক হতে তাই কিছুটা সময় লাগছে। ট্রাক দুটির চালক ও সহকারী পালিয়ে গেছেন।
দুর্ঘটনার পর মহাসড়কের দাউদকান্দির শহীদনগর এলাকা থেকে গজারিয়ার ভবেরচরের পূর্ব পাশ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় যানজটে আটকা পড়ে যাত্রী, রোগী, বৃদ্ধ ও শিশুদের দুর্ভোগ পোহাতে হয়। দুপুর ১২টার দিকে জানা গেছে, সড়কে দুই কিলোমিটারের মতো যানজট আছে। যান চলাচল পরিস্থিতি আগের চেয়ে অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে।