দুই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত
রাজধানীর বনানীতে গতকাল শুক্রবার ভোরে দুটি ছোট ট্রাকের সংঘর্ষে উভয় ট্রাকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন তিনজন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহতরা হলেন চালক মিজানুর রহমান এবং চালক আরিফ হোসেন ও তাঁর সহযোগী মো. শামীম।
বনানী থানার পুলিশ জানায়, গতকাল ভোর পাঁচটার দিকে আর্মি স্টেডিয়ামের উল্টো দিকে বনানী ফ্লাইওভারের নিচে দুটি ট্রাকের সংঘর্ষে দুই ট্রাকে থাকা ছয়জন আহত হন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শামীমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি দুজন হাসপাতালে নেওয়ার আধা ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আহতরা হলেন মো. সেলিম, আশিকুর রহমান ও মো. একদির। এই তিনজন দুই ট্রাকের কর্মী। তবে তাঁরা কোন ট্রাকে কী কাজ করতেন, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
বনানী থানার ওসি ভূঁইয়া মাহবুব হাসান বলেন, দুটি ট্রাকের একটি মুরগি বহনকারী ও আরেকটি মাটি বহনকারী। নিহত আরিফ মাটির ট্রাকের চালক, মিজানুর মুরগির ট্রাকের চালক। শামীম আরিফের সহযোগী। ঘটনার সময় কোনো ট্রাকে মাটি বা মুরগি ছিল না।
আরিফের গ্রামের বাড়ি কুড়িগ্রামের রাজারহাটে। তিন বছর ধরে ট্রাক চালাচ্ছিলেন। মিজানুরের গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুরে। চার বছর ধরে ট্রাক চালাচ্ছেন। শামীমের গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুরে।