দুই ট্রেড ইউনিয়নে অচলাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চা-শিল্পের দুটি ট্রেড ইউনিয়নে অচলাবস্থা দেখা দিয়েছে। শ্রমিকদের সংগঠন ‘চা শ্রমিক ইউনিয়নে’ বৈধতার প্রশ্নে নতুন চুক্তি আটকে আছে। অন্যদিকে, কর্মচারীদের সংগঠন ‘টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনে’ নির্বাচন-পরবর্তী জটিলতায় সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিদ্যমান পরিস্থিতিতে চা-বাগানে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের মধ্যে হতাশা বাড়ছে।সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের নির্বাচন গত ২ মে অনুষ্ঠিত হয়। নির্বাচনে গত কমিটির সাধারণ সম্পাদক মো. ইকবাল চৌধুরী সভাপতি পদে নির্বাচিত হন। নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে গত কমিটির সভাপতি মাহবুব রেজাসহ আরও কয়েকজন প্রার্থী ফলাফল প্রত্যাখ্যান করেন। গত ১৯ অক্টোবর সাত সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির পাঁচজন সদস্য নির্বাচনে অনিয়ম হয়েছে স্বীকার করে যুগ্ম শ্রম পরিচালক ও নিবন্ধককে (ট্রেড ইউনিয়ন) লিখিতভাবে জানান। তাঁদের এ অবস্থানের কারণে নির্বাচনটি হয়ে ওঠে প্রশ্নবিদ্ধ। এ অবস্থায় পুরোনো কমিটি নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করেনি।অপরদিকে চা শ্রমিক ইউনিয়নে ২০০৮ সালের ২৬ অক্টোবর পঞ্চায়েত ও ভ্যালি কমিটি এবং ২ নভেম্বর কেন্দ্রীয় কমিটির নির্বাচন হয়। নির্বাচনে মাখন লাল কর্মকার-রামভজন কৈরি সমর্থিত ব্যক্তিরা জয়লাভ করেন। নির্বাচনে পরাজিত বিজয় বুনারজি-সীতারাম অলমিক সমর্থিত ব্যক্তিরা বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে শ্রম পরিদপ্তরে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ১২০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের শর্তে শ্রম পরিদপ্তর ৩০ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করেন। কমিটির আহ্বায়ক করা হয় নির্বাচনে পরাজিত প্রার্থী বিজয় বুনারজিকে।শ্রম পরিদপ্তর গঠিত কমিটির ক্ষমতাবলে ২০০৯ সালের ২৫ নভেম্বর বিজয় বুনারজি-সীতারাম অলমিকের সমর্থকেরা শ্রীমঙ্গলে ইউনিয়নের কেন্দ্রীয় দপ্তর লেবার হাউসে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। তবে শ্রম পরিদপ্তরের বেঁধে দেওয়া শর্ত অনুযায়ী, ১২০ দিনের মধ্যে ওই কমিটি নির্বাচন করতে পারেনি।এদিকে চা শ্রমিক ইউনিয়নের সঙ্গে মালিকপক্ষের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) দুই বছর মেয়াদি চুক্তির মেয়াদ গত ৩১ আগস্ট শেষ হয়ে গেছে। ওই চুক্তির মাধ্যমে চা-বাগানে কর্মরত প্রায় পাঁচ লাখ শ্রমিকের মজুরি এবং অন্যান্য সুবিধাপ্রাপ্তি নিশ্চিত হয়ে থাকে। শ্রমিকদের বৈধ সংগঠনের সঙ্গে দুই বছর পরপর বিটিএ এ চুক্তি করে। কিন্তু বৈধতার প্রশ্নে ৩১ আগস্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও বিটিএ কোনো পক্ষের সঙ্গে বৈঠকে বসেনি।টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের নির্বাচন প্রসঙ্গে নির্বাচন পরিচালনা কমিটির সহসদস্যসচিব মো. আবদুস সালাম বলেন, সাত সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির পাঁচজনই মনে করেন, নির্বাচন সুষ্ঠু হয়নি। নির্বাচনের পরে ব্যালট পেপারসহ ভোটার বাক্স যথাযথভাবে সংরক্ষিত হয়নি। টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের দুই অংশের নেতা মাহবুব রেজা ও মো. ইকবাল চৌধুরী সংগঠনের কার্যক্রমে স্থবিরতা দেখা দেওয়ার কথা স্বীকার করে বলেন, আগামী ৩১ ডিসেম্বর বিটিএর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে। এর আগে দাবিনামা (চার্টার অব ডিমান্ড) তৈরি করে সংগঠনের সাধারণ সভায় অনুমোদন নিয়ে বিটিএতে পেশ করতে হবে। যে দাবিনামার মাধ্যমে দেশের সব চা-বাগানে কর্মরত কর্মচারীদের আগামী দুই বছরের বেতন-ভাতা নির্ধারিত হবে। সংগঠনের এসব কাজ না হওয়ায় চা-বাগান কর্মচারীদের মধ্যে হতাশা বাড়ছে।চা শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক বিজয় বুনারজি বলেন, শ্রম আদালতে মামলা হওয়ার কারণে ১২০ দিনের মধ্যে নির্বাচনের প্রক্রিয়াটি আটকে গিয়েছিল। তারা এখন গঠনতন্ত্র সংশোধনের কাজ করছেন।চা শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক রাম ভজন কৈরি বলেন, শ্রম পরিদপ্তরের আহ্বায়ক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে শ্রম আদালতে মামলার রায় তাঁরা পেয়েছেন। উচ্চ আদালতে আপিল করেও তথাকথিত আহ্বায়ক কমিটি হেরেছে।চা শ্রমিক ইউনিয়নের এ দুই নেতাই মনে করেন, বিটিএর সঙ্গে নতুন চুক্তি করা না গেলে চা-বাগানের শ্রমিকদের মধ্যে হতাশা বাড়বে।উপশ্রম পরিচালক মোজাম্মেল হোসেন প্রথম আলোকে বলেন, দুই সংগঠনেই এখন অচলাবস্থা বিরাজমান। এত দিন আদালতে মামলা থাকায় এ নিয়ে কিছু করা যায়নি। তবে ইতিমধ্যেই যুগ্ম শ্রম পরিচালক ও নিবন্ধক (ট্রেড ইউনিয়ন) বিবদমান পক্ষগুলোর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে মীমাংসার উদ্যোগ নিয়েছেন।