সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে গত শনিবার রাতে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে গঠন করা হয়েছে চারটি কমিটি।
দুর্ঘটনার পর উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। গতকাল রোববার সকাল নয়টায় ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। উদ্ধারকাজ শেষে আট ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
নিহত ব্যক্তিরা হলেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার আদিতমারী স্টেশনের মাস্টার মো. মজিবুর রহমান (৫০) ও নাটোরের সদর উপজেলার হরিশপুর গ্রামের আলতাফ হোসেন (৩৫)।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে লালমনি এক্সপ্রেসের পরিচালক স্বপন কুমার (৬০), একতা এক্সপ্রেস ট্রেনের চালক বঙ্কিম চন্দ্র রায় (৫৮), যাত্রী মো. হাসান আলী (১৮), মোস্তফা কামাল (৩৪), জাহিদুল ইসলাম (৪০), সিয়াম (২০), মেহেদী হাসান (৩০), তমিজ উদ্দীন (৮০), আবদুস সাদিক (৩৫), মোজাহার আলী (৫০), খোকন আলী (২৫), শামীম আহমেদ (৩৭) ও নিহত মজিবুর রহমানের নাতি মঞ্জুরুল ইসলামের (১০) অবস্থা গুরুতর। তাঁদের উল্লাপাড়া বিশ শয্যা হাসপাতাল, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, এনায়েতপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ট্রেনের যাত্রী, প্রত্যক্ষদর্শী, রেলওয়ে বিভাগ ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি শনিবার দিবাগত রাত তিনটা ১০ মিনিটে উল্লাপাড়া রেলস্টেশনের ১ নম্বর লাইনে এসে দাঁড়ায়। ১০ মিনিট পর বিপরীত দিক থেকে দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশ করে। একতা এক্সপ্রেস ট্রেনটি ২ নম্বর লাইন দিয়ে চলে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি সরাসরি ১ নম্বর লাইনে ঢুকে পড়ে। এতে ১ নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা লালমনি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এটির সংঘর্ষ হয়। এতে একতা এক্সপ্রেসের ইঞ্জিনের পেছনের বগিটি ইঞ্জিনের ওপর উঠে পড়ে। পেছনের দিকের আরও তিনটি বগি ও লালমনি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই একতা এক্সপ্রেসের দুই যাত্রী বগিতে চাপা পড়ে মারা যান।
উল্লাপাড়া রেলস্টেশনের লাইনম্যান (পোটার ম্যান) আবদুর রাজ্জাক বলেন, লালমনি ট্রেনটি থামার পর লালবাতি সিগন্যাল দেওয়া ছিল। এই সিগন্যাল থাকা সত্ত্বেও একতার চালক ট্রেনটি চালিয়ে যান। ফলে এ দুর্ঘটনা ঘটে।
উল্লাপাড়ার স্টেশনমাস্টার রফিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার সময় আমার দায়িত্ব না থাকায় উপস্থিত ছিলাম না। ধারণা করা হচ্ছে, চালক ঘুমাচ্ছন্ন ছিলেন।’
যোগাযোগসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ, রেলওয়ের মহাপরিচালক তাফাজ্জল হোসেন, রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) আবদুল আউয়াল ভূইয়া, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, পুলিশ সুপার এস এম এমরান, উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বরখাস্ত: এ ঘটনায় উল্লাপাড়ার সহকারী স্টেশনমাস্টার নূর-কুতুব উদ্দীন, একতা এক্সপ্রেস ট্রেনের চালক বঙ্কিম চন্দ্র রায় ও সহকারী চালক সাফি আহমেদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
তদন্ত কমিটি: ঘটনা তদন্তে রেল মন্ত্রণালয় অতিরিক্ত মহাপরিচালক মো. আমজাদ হোসেনকে প্রধান করে চার সদস্যের, রেলওয়ে পরিবহন বিভাগের পরিচালক মো. শফিকুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মিয়া জাহানকে প্রধান করে চার সদস্যের এবং সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে পৃথক কমিটি গঠন করা হয়েছে। তাঁদের চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।