দুই ট্রেনের সংঘর্ষে নিহত ২, তিনজন বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উল্লাপাড়া স্টেশনে গতকাল দিবাগত রাতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। ছবি: এনামুল হক
উল্লাপাড়া স্টেশনে গতকাল দিবাগত রাতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। ছবি: এনামুল হক

সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে গতকাল শনিবার দিবাগত রাতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় আজ রোববার তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে গঠন করা হয়েছে তিনটি কমিটি।

গতকাল শনিবার দিবাগত রাত তিনটা ২০ মিনিটে একতা এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেসের মধ্যে এ সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ বন্ধ রয়েছে। তবে সকাল নয়টার দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় সদর দপ্তর পাকশী থেকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে।

উল্লাপাড়া ফায়ার স্টেশনের সাব অফিসার আফসার আলী প্রথম আলোকে জানান, রাত তিনটার কিছুক্ষণ পর এ দুর্ঘটনা ঘটে। দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটিকে বিপরীত দিক থেকে এসে ধাক্কা দেয়। এতে একতা এক্সপ্রেসের তিনটি বগি এবং লালমনি এক্সপ্রেসের একটি বগি দুমড়েমুচড়ে লাইনচ্যুত হয়। এ ছাড়া ট্রেন দুটির ইঞ্জিন একটির ওপর আরেকটি উঠে ব্যাপক ক্ষতি হয়েছে। রেললাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানিয়েছেন, এ দুর্ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী। আহত যাত্রীদের স্থানীয় ও আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আফসার আলী জানিয়েছেন, গুরুতর আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে কাছের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুই ব্যক্তির লাশ উল্লাপাড়া কাওয়াখ হাসপাতালে রাখা হয়েছে।

একতা এক্সপ্রেসের যাত্রী হাসান মাসুদ বলেন, ‘পার্বতীপুর থেকে ঢাকা যাচ্ছিলাম। কেবিনে ঘুমিয়ে ছিলাম। হঠাত্ প্রচণ্ড ঝাঁকি হয়। শব্দ শুনতে পাই। কিছুক্ষণ পর দেখি ট্রেনটি থেমে গেছে। পরে কেবিনের জানালা দিয়ে বের হয়ে আসি।’

উল্লাপাড়া স্টেশনে গতকাল দিবাগত রাতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। ছবি: এনামুল হক
উল্লাপাড়া স্টেশনে গতকাল দিবাগত রাতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। ছবি: এনামুল হক

তিনজন সাময়িক বরখাস্ত

এ ঘটনার পর সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে আসেন যোগাযোগসচিব আবুল কালাম আজাদ, রেলওয়ের মহাপরিচালক ডিজি তাফাজ্জল হোসেন, রেলের পশ্চিমাঞ্চলীয় মহাব্যবস্থাপক আবদুল আওয়াল ভূইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁরা সাময়িকভাবে উল্লাপাড়া স্টেশনের সহকারী মাস্টার নূর কুতুবউদ্দিন, একতা এক্সপ্রেসের চালক বঙ্কিম চন্দ্র রায় ও সহকারী চালক আবদুস সায়িফকে বরখাস্ত করেন।

তদন্ত কমিটি

এ ঘটনায় রেলওয়ের পশ্চিমাঞ্চলের পরিবহন বিভাগের পরিচালক শফিকুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ অপারেশন সুপারিনটেনডেন্ট মিয়া জাহানের নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

অন্যদিকে জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কে এম আজমের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করেছেন। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উদ্ধার তত্পরতা

ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, আজ রোববার সকাল নাগাদ ট্রেনের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারকাজ শেষ হয়েছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেন।

সংঘর্ষে একতা এক্সপ্রেস ট্রেনটির বেশি ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা আফসার আলী। তিনি বলেন, ‘একতা এক্সপ্রেসের তিনটি বগি দুমড়েমুচড়ে গেছে। এগুলোর ভেতরে অনেক যাত্রী আটকা পড়েছেন।’

এর আগে উল্লাপাড়া ফায়ার স্টেশনের কর্তব্যরত কর্মকর্তা বুদ্ধদেব সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ট্রেনে সংঘর্ষের কথা শুনেছি। রাত পৌনে চারটায় এই ফায়ার স্টেশন থেকে দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা গেছেন।’

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় সদর দপ্তর পাকশীর বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক পঙ্কজ কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী লোকো থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।