দুই ঠিকাদারের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রেস্ট
ক্রেস্ট

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের জন্য বিদেশি বন্ধু ও প্রতিষ্ঠানকে সম্মাননা হিসেবে দেওয়া ক্রেস্টে নির্ধারিত পরিমাণে সোনা না দেওয়ায় সরবরাহকারী দুটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
গত মঙ্গলবার রাতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব এনায়েতউল্লাহ খান বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা করেন। এতে রাজধানীর বনানীতে অবস্থিত সরবরাহকারী প্রতিষ্ঠান এমিকনের মালিক মীর দাউদ আহমেদ ওরফে নাজিম ও শান্তিনগরের মেসার্স মহসিনুল হাসানের মালিক মো. মোহসিনুল হাসানের বিরুদ্ধে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি তদন্ত করবে।
মামলার অভিযোগে বলা হয়, কার্যাদেশ অনুযায়ী, ক্রেস্টে ২২ দশমিক ৫ গ্রাম সোনা ও ৩০ ভরি রুপা থাকা বাধ্যতামূলক ছিল৷ ঠিকাদার মীর দাউদ আহমেদ পাঁচ পর্বে মোট ২৮৫টি ক্রেস্ট সরবরাহ করেন৷ কিন্তু তিনি জালিয়াতি, প্রতারণার আশ্রয় নিয়ে নির্ধারিত পরিমাণের চেয়ে কম সোনা ও রুপা এবং কম মূল্যের অন্য ধাতু দিয়ে নিম্নমানের ক্রেস্ট তৈরি ও সরবরাহ করে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করেছেন। এর মাধ্যমে তিনি দেশ ও বিদেশে সরকার, রাষ্ট্র ও জাতির সুনাম এবং ভাবমূর্তি ক্ষুণ্ন² করেছেন।
মামলায় একই ধরনের অভিযোগ আনা হয়েছে ঠিকাদার মো. মোহসিনুল হাসানের বিরুদ্ধে। তিনি ৬০টি ক্রেস্ট সরবরাহ করেন৷
মামলার বিবরণে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের তখনকার মন্ত্রী দীপু মনিকে সভাপতি করে সম্মাননা প্রদানসংক্রান্ত জাতীয় কমিটি গঠন করা হয়। কমিটি বিভিন্ন সভায় বিদেশি বন্ধু ও প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে এবং তা মন্ত্রিপরিষদে অনুমোদিত হয়৷ পরে মন্ত্রিপরিষদ বিভাগ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ ও ব্যবস্থাপনায় সাত পর্বে এ সম্মাননা দেওয়া হয়। জাতীয় কমিটির গৃহীত নমুনা অনুযায়ী, প্রথম পর্বের স্বাধীনতা সম্মাননা পদকটি সম্পূর্ণ সোনার তৈরি করা হয়। পরের ছয়টি পর্বের সম্মাননা ক্রেস্টের নমুনা অনুযায়ী স্বর্ণখচিত করার সিদ্ধান্ত হয়। সেই পরিপ্রেক্ষিতে জাতীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এমিকনকে প্রথম পর্বসহ ছয় পর্বের ক্রেস্ট তৈরির কার্যাদেশ দেওয়া হয়৷ এর জন্য তাকে সাত কোটি ৯৮ লাখ ৮৯ হাজার ৮০৪ টাকা পরিশোধ করা হয়।
আর মন্ত্রণালয় শান্তিনগরের মোহসিনুল হাসানকে একই শর্তে একটি পর্বের সম্মাননা ক্রেস্ট তৈরির কার্যাদেশ দেয়। তিনি এক কোটি ৭৯ লাখ ৪২ হাজার ৫২০ টাকার বিনিময়ে ৬০টি ক্রেস্ট সরবরাহ করেন।
মামলার বিবরণে বলা হয়, শর্ত মোতাবেক ক্রেস্ট তৈরি করা হয়েছে কি না, তা পরীক্ষা করে প্রতিবেদন দিতে বিএসপিআইকে অনুরোধ করা হয়। বিএসটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, ঠিকাদার মির দাউদ আহমেদ জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে কম পরিমাণ সোনা ও রুপা এবং কম মূল্যের অন্য ধাতু দ্বারা নিম্নমানের ক্রেস্ট তৈরি ও সরবরাহ করে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করেছেন৷ একই অভিযোগ আনা হয় মোহসিনুল হাসানের বিরুদ্ধেও৷
মামলার আরজিতে বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় ফৌজদারি কার্যবিধির আওতায় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়৷
গত ৬ এপ্রিল ‘বিদেশি বন্ধু ও সংগঠনকে মুক্তিযুদ্ধের সম্মাননা, ক্রেস্টের স্বর্ণের ১২ আনাই মিছে!’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। এর ভিত্তিতে শহীদ পরিবারের সদস্য নাসরিন আহমেদের পক্ষে হাইকোর্টে একটি রিটও হয়েছে৷