দুই ডাকাতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
ফেনীতে গত বৃহস্পতিবার রাতে বাসে ডাকাতির চেষ্টাকালে চালককে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আটক দুই ডাকাত। গতকাল রোববার জেলা বিচারিক হাকিমের আদালতে তাঁরা এই জবানবন্দি দেন। ডাকাতির চেষ্টার ঘটনায় জড়িত থাকার কথা তাঁরা স্বীকার করেছেন।মামলার তদন্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, মো. শাহিন ও মো. আতিক গতকাল বিচারিক হাকিম শারমিন জাহানের আদালতে দণ্ডবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা আদালতকে বলেছেন, বৃহস্পতিবার রাতে প্রথমে তাঁরা ফেনী-নোয়াখালী সড়কের দাগনভূঁঞার সিলোনীয়া বাজার এলাকায় একটি পিকআপ ভ্যান ছিনতাই করেন। পরে সেটি ডাকাতির চেষ্টায় ব্যবহার করেন। এ সময় তাঁরা সংখ্যায় ছিলেন আটজন। তাঁরা পিকআপটির সাহায্যে ফেনী শহরের দাউদপুর পুলের পাশে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বাসটি আটকানোর চেষ্টা করেন। চালক বাস থামাতে না চাইলে তাঁদের একজন রড দিয়ে বাইরে থেকে চালকের তলপেটে আঘাত করেন। তার পরও বাসটি থামাতে না পেরে এবং লোকজনকে জড়ো হতে দেখে তাঁরা পিকআপ নিয়ে কুমিল্লার দিকে চলে যান। পরদিন শুক্রবার পিকআপটি বিক্রির চেষ্টা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন তাঁরা। ফেনী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, জবানবন্দি শেষে ওই দুই ডাকাতকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।