দুই ডিআইজিকে বাধ্যতামূলক অবসর
পুলিশের দুজন উপমহাপরিদর্শককে (ডিআইজি) বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। তাঁরা হলেন এ কে এম মাহফুজুল হক ও মাজেদুল হক। এ নিয়ে বর্তমান সরকারের আমলে পুলিশের ছয়জন কর্মকর্তা চাকরি হারালেন। এ ছাড়া আরও কয়েকজন কর্মকর্তাকে একইভাবে অবসর দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। জানা গেছে, মাহফুজুল হককে গত ২০ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে অবসর দেওয়া হয়। তাঁকে ২০০৯ সালের ১৫ মার্চ থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে রাখা হয়েছিল। আর মাজেদুল হককে অবসর দেওয়া হয় গত ১২ জুন। তিনি ২০০৯ সালের ১৫ মে থেকে ওএসডি অবস্থায় ছিলেন। এই দুই কর্মকর্তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় গণকর্মচারী (অবসর) আইন, ১৯৭৪ অনুসারে তাঁদের অবসর দেওয়া হয়েছে।
সূত্র জানায়, এই দুই কর্মকর্তা বিএনপির আমলে গুরুত্বপূর্ণ স্থানে কর্মরত ছিলেন। এ কারণে তাঁদের বিএনপির ঘনিষ্ঠ বলে ধরে নেওয়া হয়।
বর্তমান সরকারের আমলে এর আগে ডিআইজি খান সাঈদ হাসান ও ফারুক আহমেদ, পুলিশ সুপার কোহিনুর মিয়া ও সহকারী পুলিশ সুপার গিয়াস উদ্দিনকে বিভিন্ন অভিযোগে চাকরিচ্যুত করা হয়। এ ছাড়া সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বখস চৌধুরী, অতিরিক্ত আইজিপি বজলুর রহমান, মিজানুর রহমান ও ডিআইজি আনিসুর রহমান ওএসডি থাকা অবস্থায় স্বাভাবিক অবসরে যান। উল্লেখ্য, চারদলীয় জোট সরকারের আমলে তিন দফায় পুলিশের ৬২ জন সদস্যকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছিল।