দুই ডিনের অপসারণ দাবিতে রুয়েটে ক্লাস বর্জন করল ছাত্রলীগ
জামায়াতপন্থী দুজন ডিনের অপসারণসহ সাত দফা দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়—রুয়েটে ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল রোববার সাড়ে তিন ঘণ্টা ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছেন। এ সময় নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের সবকটি আবাসিক হলের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। এ কারণে কোনো বিভাগেই ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। কর্মসূচি চলাকালে ক্যাম্পাসের বিভিন্ন রুটে বাস চলাচলও বন্ধ ছিল। ছাত্রলীগ জানায়, সাত দফা দাবির মধ্যে রয়েছে, অবিলম্বে যন্ত্রকৌশল বিভাগের জামায়াতপন্থী ডিন শামীম আক্তার ও পুরকৌশল বিভাগের ডিন সৈয়দ আবদুল মজিদের অপসারণ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণ, ২০০৯ সালের ২১ নভেম্বর ভর্তি পরীক্ষা চলাকালে ছাত্রশিবির যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছিল, সেই ঘটনার বিচার করা। গত ২৯ জানুয়ারি শিক্ষার্থীদের ওপর বাস-শ্রমিক ও পুলিশি নির্যাতনের বিচার করা, গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর ছাত্রশিবিরের সশস্ত্র হামলার ঘটনায় জড়িত রুয়েট শাখা ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিচারের দাবি জানানো হয়।রুয়েটের উপাচার্য সিরাজুল করিম চৌধুরী বলেন, রাতে ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে কর্তৃপক্ষের বৈঠকে বসার কথা রয়েছে। দুই পক্ষের সমঝোতা হলে আজ সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যথারীতি চলবে।