দুই ডিসিসিতে নতুন প্রশাসক নিয়োগ
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসনের দুজন কর্মকর্তা। উত্তরে পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. শাহজাহান আলী মোল্লা এবং দক্ষিণে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জিল্লার রহমানকে নতুন প্রশাসক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ দুই কর্মকর্তাকে প্রশাসক করার জন্য স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করে। রাতেই স্থানীয় সরকার বিভাগ তাঁদের নিয়োগ দেয়।এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন সচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে প্রশাসক হিসেবে দুজনের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের কয়েকজন কর্মকর্তা জানান, আদালত ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে কিছু নির্দেশনা দিলেও প্রশাসকের বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। এ জন্য আইনে নির্ধারিত সময় অনুযায়ী বর্তমান প্রশাসকদের মেয়াদ গতকাল শেষ হওয়ায় আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে নতুন প্রশাসক নিয়োগ করা হয়।