তথ্য কমিশনের সাবেক সচিব নেপাল চন্দ্র সরকার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক খুরশিদা বেগম সাঈদকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। গতকাল সোমবার তথ্য বিবরণীতে বলা হয়, তথ্য অধিকার আইনানুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ দুজনকে নিয়োগ দিয়েছেন। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক বিবৃতিতে দুজন তথ্য কমিশনার নিয়োগে স্বস্তি প্রকাশ করেছে। বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘বিলম্বে হলেও সরকারের এ নিয়োগের মধ্য দিয়ে কমিশনের কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আমরা মনে করি। কিন্তু এ নিয়োগ নিয়ে সরকার যে ধরনের বিলম্ব করেছে, তা কাম্য নয়।’ টিআইবি ২৮ সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস’কে সরকারিভাবে স্বীকৃতি ও জাতীয়ভাবে উদ্যাপনের আহ্বান জানিয়েছে।
নিজস্ব প্রতিবেদক