দুই তরুণকে হাত-পা বেঁধে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা যুবলীগের সহসভাপতি মিলন খলিফার বিরুদ্ধে উপজেলার গঙ্গীপাড়া গ্রামের কামাল হোসেন ও মো. সোহাগ নামের (২২) দুই তরুণকে শতাধিক লোকের উপস্থিতিতে হাত-পা বেঁধে অমানুষিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। নির্যাতনের সময় বাধা দিতে গেলে আরও সাতজনকে পিটিয়ে আহত করা হয়।
আহত দুই তরুণের পরিবারের সদস্যরা এবং স্থানীয় একাধিক ব্যক্তি জানান, মিলন খলিফা রাঙ্গাবালী সদর ইউনিয়নের গঙ্গীপাড়া গ্রামের মাটির কিল্লা এলাকার একটি সরকারি খাস পুকুর ইজারা নিয়ে মাছের চাষ করেছেন। তিনি অভিযোগ করেন, গত শুক্রবার রাতে ওই পুকুরে বিষ ঢেলে মাছ ধরার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই গ্রামের কামাল হোসেন ও মো. সোহাগকে শনিবার সকাল ১০টার দিকে লোকজন পাঠিয়ে ধরিয়ে আনেন মিলন খলিফা। এরপর তাঁদের হাত-পা বেঁধে গঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফেলে শতাধিক লোকের উপস্থিতিতে বেধড়ক লাঠিপেটা করেন তিনি। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে সোহাগের মা মাসুদা বিবি ও বাবা কালাম খলিফা, কামালের ভাবি আছিয়া বেগম, স্থানীয় আরেক তরুণ মো. সেফায়েদুলসহ সাতজনকে পিটিয়ে আহত করেন মিলন খলিফা ও তাঁর লোকজন।
আহত কামাল ও সোহাগের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের গত রোববার গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
কামাল হোসেন জানান, শনিবার সকালে মিলন খলিফা লোকজন নিয়ে তাঁর (কামাল) বাড়িতে গিয়ে তাঁকে ধরে জোর করে গঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে যান। বেলা ১১টার দিকে মিলন ও তাঁর লোকজন কামালের হাত-পা বেঁধে মাঠে ফেলে বেধড়ক লাঠিপেটা করেন। এতে তিনি গুরুতর আহত হন। কামাল বলেন, ‘পুকুরে বিষ ঢালা সম্পর্কে আমি কিছুই জানি না।’ মো. সোহাগ বলেন, ‘মিলন খলিফার ছোট ভাই যুবরাজ খলিফা ওই পুকুরে বিষ ঢালছে। মিলন খলিফা হ্যারে কিছু কয় নাই। আমাগোরে ধইর‌্যা মারছে।’
মিলন খলিফা বলেন, ‘আমার ইজারা নেওয়া পুকুরে কীটনাশক দিয়ে তিন লাখ টাকার মাছ নষ্ট করেছে। সন্দেহজনকভাবে সোহাগ ও কামালকে ধরে নিয়ে উত্তম-মধ্যম দিয়েছি। এদের মধ্যে সোহাগ অপরাধ স্বীকার করেছে। আর কামাল ঘটনার সঙ্গে জড়িত না থাকায় তার চিকিৎসার জন্য ২০০ টাকা দিয়ে দেওয়া হয়েছে।’
রাঙ্গাবালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। জনসাধারণের জন্য উন্মুক্ত সরকারি খাস পুকুর একা ব্যবহার করার নিয়ম নেই। এ ছাড়া থানা ও ইউনিয়ন পরিষদ কাছাকাছি থাকতে এভাবে আইন হাতে তুলে নেওয়া কারও জন্য ঠিক নয়।’