দুই তরুণীকে ফেরত পাঠিয়েছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহকর্মী হিসেবে পাঁচ মাস আগে ভারতে কাজ করতে যাওয়া দুই বাংলাদেশি তরুণীকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরার মাদরা সীমান্তের শূন্য পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
তরুণীরা হলেন সাতক্ষীরার কলারোয়ার সুলতানপুর গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে রানী শেখ (২০) এবং যশোরের শর্শা উপজেলার অগ্রভুলেট গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে হোসনে আরা (১৯)। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তাঁদের কলারোয়া থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বিজিবি জানায়, ওই দুই তরুণী ঈদ উপলক্ষে বৃহস্পতিবার ভারত থেকে বাড়ি ফিরছিলেন। পথে কলারোয়া উপজেলার মাদরা সীমান্তের বিপরীতে ভারতের দরকান্দা ক্যাম্পের বিএসএফের সদস্যরা বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে তাঁদের আটক করেন। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ওই দুই তরুণীকে ফেরত দিয়েছে। বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত এ পতাকা বৈঠকে বিজিবির পক্ষে মাদরা কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম এবং ভারতের পক্ষে দরকান্দা বিএসএফের কমান্ডার এস আই চৌহান নেতৃত্ব দেন।
সাতক্ষীরার ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর আনোয়ারুল মাজহার জানান, অবৈধভাবে ভারত যাওয়ার ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা করা হয়েছে।