দুই তরুণীকে হত্যার দায়ে, দুজনের মৃত্যুদণ্ড
বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের পর হত্যার দায়ে গাজীপুর ও মানিকগঞ্জে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফাতেমা নজীব ও মানিকগঞ্জের অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক আল-মাহমুদ ফায়জুল কবীর গতকাল সোমবার এ রায় দেন।
গাজীপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীরকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে৷ জানা যায়, কালিয়াকৈরের আমতৈল গ্রামের শিল্পী (১৮) নামে এক তরুণীর সঙ্গে পাশের বান্দাবাড়ী গ্রামের সাইকেল মেরামতকারী জাহাঙ্গীর প্রেমের সম্পর্ক গড়ে তোলেন৷ পরে শিল্পী বিয়ের জন্য চাপ দিলে টালবাহানা শুরু করেন জাহাঙ্গীর৷ ২০১১ সালের ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় শিল্পীকে গজারিয়াচালা এলাকার বনের ভেতর নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন জাহাঙ্গীর।
মানিকগঞ্জে মৃত্যুদণ্ড পাওয়া আনোয়ার হোসেনকে (৩৭) ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত৷ আনোয়ার টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বড়টিয়া গ্রামের বাসিন্দা৷ আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে বিবাহিত আনোয়ার বড়টিয়া গ্রামের আকলিমা খাতুনের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন৷ এক পর্যায়ে আকলিমা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আনোয়ারকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়৷ এতে রাজি না হয়ে ২০০৫ সালের ১৩ অক্টোবর আকলিমাকে হত্যা করেন৷