ঢাকার হোটেলে কিশোরগঞ্জের কথিত প্রেমিকদের হাতে নিহত দুই তরুণীর কবরের সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। সেই সঙ্গে লাশ গুম করার ঘটনায় জড়িত সাতজনকে শনাক্ত করা হয়েছে।পুলিশ সদর দপ্তরের সিকিউরিটি সেলের তদন্ত দল ও কিশোরগঞ্জ গোয়েন্দা পুলিশ প্রায় ১৭ মাস তদন্ত চালিয়ে আফরোজা আক্তার সুমী ও আফরোজা আক্তার ঊর্মিকে প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় নিয়ে শ্বাসরোধে হত্যার ঘটনা উদ্ঘাটন করে। কারওয়ান বাজারের একটি হোটেলে ২০০৮ সালের ১৬ জুলাই তাঁদের হত্যা করা হয়।কথিত দুই প্রেমিক ইলেক্ট্রনিক্স দোকানের কর্মচারী শামীম হালদার (৩৬) ও কিশোরগঞ্জ পুলিশের কনস্টেবল (সাময়িক বরখাস্ত) মনিরুজ্জামান ওরফে হলুদ মিয়া (৩৪) গত ১৪ ও ১৫ ডিসেম্বর ১৬৪ ধারায় বিচারিক হাকিমকে দেওয়া জবানবন্দিতে ওই দুই তরুণীকে হত্যার কথা স্বীকার করেন। পরে তাঁদের কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়।মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমজাদ হোসেন প্রথম আলোকে জানান, ২২ দিন তদন্তের পর জানা যায়, চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) সামনে ফেলে রাখা লাশটি ছিল ঊর্মির এবং মগবাজারে ফেলা হয় সুমীর লাশ। তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ ২০০৮ সালের ১৭ জুলাই সুমীর লাশ উদ্ধার করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে থানার পুলিশ ময়নাতদন্ত সম্পন্ন করে বেওয়ারিশ হিসেবে সুমীর লাশ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে জুরাইন কবরস্থানে দাফন করে। অপরদিকে, ঊর্মির লাশ রমনা থানার পুলিশ ঘটনার ১২ দিন পর ২৮ জুলাই মগবাজারের হাতিরঝিল প্রকল্পের পানি থেকে উদ্ধার করে হত্যা মামলা দায়ের করে। ময়নাতদন্তের পর বেওয়ারিশ লাশ হিসেবে আজিমপুর কবরস্থানে ঊর্মির লাশ দাফন করা হয়।হোটেলের মালিক রানা ও খালেক, ব্যবস্থাপক আবুল মিয়া, কর্মচারী বাবুল, জয়নাল, দিলবর ও তারেক সিদ্দিকী লাশ গুমের ঘটনায় জড়িত বলে গোয়েন্দা পুলিশ প্রাথমিকভাবে প্রমাণ পায়। তাঁদের মধ্যে তারেক সিদ্দিকী মারা গেছেন। বাকিদের গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। সূত্র জানায়, রমনা থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) খালেদ মনসুর ও শিল্পাঞ্চল থানার দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা এসআই মম সিংহ বাদী, সাক্ষী ও কোনো উপাত্ত না পাওয়ায় দুটি মামলারই চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা (ওসি ডিবি কিশোরগঞ্জ) মো. আমজাদ হোসেন জানান, রমনা ও শিল্পাঞ্চল থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা ও অন্যদের জিজ্ঞাসাবাদ চলছে। লাশ গুমের ঘটনায় জড়িত ব্যক্তিদেরও কিশোরগঞ্জের মামলায় আসামি করা হবে।