বগুড়ায় ছয় বছরের শিশু খুশিকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায়ে আদালত গতকাল সোমবার দুই তরুণকে ফাঁসি এবং তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার রায় দিয়েছেন।
ফাঁসির দণ্ডাদেশ পাওয়া দুজন হলেন বগুড়া শহরের নিশিন্দারা মধ্যপাড়ার আবদুল জব্বারের ছেলে বিদ্যুৎ (২৭) এবং জেল্লাল হোসেনের ছেলে রবিউল ইসলাম (২৭)।
একই দিন হেরোইন পাচারের মামলার রায়ে নাটোরের আদালত এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
আদালত সূত্র ও মামলার নথি থেকে জানা গেছে, ২০০৬ সালের ১৩ মার্চ দুপুরের দিকে বগুড়া শহরের নিশিন্দারা মণ্ডলপাড়ার খোরশেদ আলমের মেয়ে খুশি বাসার পাশে ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে খেলতে যায়। এ সময় তাকে ধর্ষণের পর হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে লাশ একটি বাঁশঝাড়ে ঝুলিয়ে রাখা হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল পৌনে চারটার দিকে সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় খোরশেদ আলম বাদী হয়ে ওই দিনই বগুড়া সদর থানায় অজ্ঞাতনামা লোকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এরপর সদর থানার পুলিশ তদন্তে নেমে এ ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে প্রতিবেশী বিদ্যুৎ ও রবিউলকে আটক করে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পেয়ে তদন্তকারী কর্মকর্তা ও বগুড়া সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) খন্দকার ফুয়াদ রুহানী ২০০৬ সালের ৩০ মে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
এরপর সাক্ষ্যপ্রমাণ শেষে গতকাল দুপুর ১২টার দিকে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম সাইফুল ইসলাম এই ফাঁসির রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) মন্তেজার রহমান বলেন, আদালত মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং গভীর পর্যবেক্ষণ শেষে গতকাল অভিযুক্ত দুই আসামির বিরুদ্ধে এই ফাঁসির আদেশ দেন। ফাঁসির দণ্ডাদেশ পাওয়া দুজনই বর্তমানে কারাগারে রয়েছেন।
আসামিপক্ষের আইনজীবী হায়দার আলী বলেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
এদিকে নাটোরের জেলা ও দায়রা জজ মোছা. লুৎফা বেগম গতকাল দুপুরে হেরোইন পাচারের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। দণ্ডাদেশ পাওয়া আসামি হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে মামুনর রশিদ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৫ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের নাটোর পশ্চিম বাইপাস মোড়ে রাজশাহী থেকে বগুড়াগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় বাসের যাত্রী মামুনর রশিদের শরীর তল্লাশি করে তাঁর প্যান্টের পকেট থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।