দুই তালুকদারের প্রচারণায় সরগরম নির্বাচনী মাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি নেই। তার পরও তীব্র প্রতিদ্বন্দ্বিতায় পড়েছে সরকারি দল আওয়ামী লীগ। আর এই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার।
রাঙামাটি শহরসহ বিভিন্ন উপজেলা সদরে চলছে মাইকযোগে প্রচারণা। দুর্গম গ্রামে হাড়কাঁপানো শীতেও চলছে জনসংযোগ। তুলে ধরা হচ্ছে নির্বাচনী অঙ্গীকার। তবে নির্বাচনে মূল আলোচ্য বিষয় পার্বত্য চুক্তি। চুক্তিতে স্বাক্ষরকারী এই দুই দলের প্রার্থীরাই প্রধান প্রতিদ্বন্দ্বী।
তাঁরা হলেন সরকারি দল আওয়ামী লীগের পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার। এই দুই ‘তালুকদার’ প্রচারণায় সরগরম করে তুলেছেন নির্বাচনী মাঠ। নির্বাচনে আঞ্চলিক রাজনৈতিক দলের
সমর্থনে আরও তিনজন স্বতন্ত্র প্রার্থী থাকলেও তাঁদের তেমন কোনো প্রচারণা নেই।
২৯৯ পার্বত্য রাঙামাটি আসনে ১৯৯১, ’৯৬ ও ২০০৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদার বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। প্রতিবারই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও পার্বত্য চুক্তি বাস্তবায়ন ছিল আওয়ামী লীগের অঙ্গীকার। সে কারণে আদিবাসী ভোটাররা আওয়ামী লীগকে ভোট দিয়েছিল।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, ‘আমরা আওয়ামী লীগকে আন্তরিকভাবে বিশ্বাস করেছিলাম। তাই ভোট দিয়েছি। কিন্তু বিগত জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও আওয়ামী লীগ অঙ্গীকার অনুযায়ী পার্বত্য চুক্তি বাস্তবায়ন করেনি, চুক্তিকে সাংবিধানিক সুরক্ষা দেয়নি এবং আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির বিষয়টি অবজ্ঞা করেছে। সে কারণে আদিবাসীরা এবার আওয়ামী লীগের বিপক্ষে অবস্থা নিচ্ছে।’
জনসংহতি সমিতির অভিযোগ, দীপংকর তালুকদার বিভিন্ন সমাবেশে জনসংহতি সমিতিসহ ঊষাতন তালুকদারকে চাঁদাবাজ ও বাঙালিবিদ্বেষী সংগঠন বলে উল্লেখ করে বক্তব্য দিচ্ছেন। একই সঙ্গে সাম্প্রদায়িক বক্তব্যও দিচ্ছেন।
সমিতির অভিযোগ, সম্প্রতি শহরের রিজার্ভ বাজার এলাকায় এক নির্বাচনী সভায় দীপংকর তালুকদার বলেন, হাতি মার্কায় (ঊষাতন) ভোট দিলে বাঙালিরা পার্বত্য চট্টগ্রামে সুখে থাকতে পারবে না, ব্যবসা-বাণিজ্য করতে পারবে না। চাঁদার পরিমাণ আরও বেড়ে যাবে।
এ বিষয়ে জানতে চাইলে দীপংকর তালুকদারের প্রধান নির্বাচনী এজেন্ট মো. জাকির হোসেন চৌধুরী অভিযোগ সরাসরি অস্বীকার না করে বলেন, ‘নির্বাচনে কত ধরনের কৌশল থাকে। জয়লাভ করতে হলে সব কৌশল প্রয়োগ করতে হয়। তবে দীপংকর তালুকদার সাম্প্রদায়িক কথা বলতে পারেন কি না, তিনি সাম্প্রদায়িক কি না, তা সবাই জানেন।’
জাকির হোসেন বলেন, ‘জনসংহতি সমিতির লোকজন আমাদের প্রার্থীর পক্ষের কর্মীদের প্রচারকাজে বাধা দিচ্ছে। এ ব্যাপারে আমরা প্রশাসনের কাছে অভিযোগও করেছি।’
স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার জনসংযোগে কাপ্তাই উপজেলায় রয়েছেন। সেখান থেকে মুঠোফোনে তিনি বলেন, ‘দীপংকর তালুকদার যেভাবে সাম্প্রদায়িক ও উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন, তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।’
তাঁর জয়লাভের ব্যাপারে আশা প্রকাশ করে ঊষাতন তালুকদার বলেন, ‘পাহাড়ি-বাঙালি সবাই পরিবর্তন চাইছেন। আমাদের জোয়ার দেখে তাদের (আওয়ামী লীগ) মাথা খারাপ হয়ে গেছে। সে কারণে তারা সাম্প্রদায়িক কথাবার্তা বলতে শুরু করেছে।’