দুই-তিন দিনে চালের দাম কমবে, আশা খাদ্যমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী দুই-তিন দিনের মধ্যে চালের দাম কিছুটা কমবে বলে আশা প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক। তিনি বলেছেন, যদি এর মধ্যে দাম না কমে, তবে আরও খাদ্যশস্য বিশেষ করে টেস্ট রিলিফ ও কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে (কাবিখা) চাল ছাড়া হবে। মন্ত্রী গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। তিনি বলেন, দেশে এ মুহূর্তে সাড়ে ১১ লাখ মেট্রিক টন চাল-গম মজুদ রয়েছে। এ ছাড়া জরুরি প্রয়োজনে আমদানি করতে ক্রয়নীতি শিথিল করে ১৪ দিনের মধ্যে আন্তর্জাতিক দরপত্রে বিদেশ থেকে চাল আমদানির সব সুযোগ খোলা রাখা হয়েছে। তিনি দাবি করেন, গত এক বছরে দেশে খাদ্য নিরাপত্তায় সরকার সফল।প্রসঙ্গত, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সাধারণত আমদানি করতে হলে ৪৫ দিন আগে দরপত্র আহ্বান করতে হয়। বিশেষ সময়ের জন্য তা ২৮ দিন পর্যন্ত শিথিল করার বিধান রয়েছে। কিন্তু চাল আমদানির ক্ষেত্রে এ সময় ১৪ দিনে নির্ধারণ করেছে অর্থনৈতিক বিষয়-সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি। মন্ত্রী গত এক বছরে খাদ্য নিরাপত্তায় তাঁর মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপ, সাফল্য ও ব্যর্থতা নিয়েও সাংবাদিকদের সঙ্গে খোলামেলা কথা বলেন। তিনি শীতে অসহায় মানুষের জন্য এক লাখ ৩৯ হাজার ৫০০টি কম্বল দেশের সব জেলায় বিলি করার কথা জানান। তিনি জানান, ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত এলাকার জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। খাদ্যমন্ত্রী বলেন, বর্তমানে চালের দাম সহনীয়। তবে দেশের ছয় কোটি হতদরিদ্র মানুষ, যাদের আয়ের সুযোগ কম, তাদের কষ্ট হচ্ছে। এ জন্য ভিজিএফ, ভিজিডি, টেস্ট রিলিফের পরিমাণ বাড়ানো হয়েছে, আরও বাড়ানো হবে। জানুয়ারি মাসের শেষে প্রতি উপজেলায় আরও ৩০০ মেট্রিক টন টিআর বরাদ্দ যাবে। গুদামে যে মজুদ রয়েছে, তা আগামী চার মাসে বাজারে ছাড়া যাবে।বর্তমানে চালের দাম কেজিতে দুই থেকে তিন টাকা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে মন্ত্রী বলেছেন কুয়াশার কথা। তিনি বলেন, কুয়াশার কারণে সময়মতো ধান শুকানো যাচ্ছে না, তাই বাজারে সরবরাহ কিছুটা কমে দাম বাড়তে পারে। আবহাওয়ার পরিবর্তন হলে দাম কমার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দাম বাড়ায় উত্পাদক শ্রেণীর সুবিধা হচ্ছে। তিনি বলেন, অনেক কৃষক ধান বিক্রি করে সংসারের অন্যান্য খরচ পরিচালনা করেন, সেদিকটাও মাথায় রাখা হচ্ছে।আবদুর রাজ্জাক বলেন, উত্পাদন পর্যায়ে খরচ কমিয়ে উত্পাদক ও ক্রেতা শ্রেণীকে সুবিধা দিতেই সরকার কাজ করে যাচ্ছে। এ জন্য কৃষি ও খাদ্য মন্ত্রণালয় সমন্বিত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। গত এক বছরে তাঁর ব্যর্থতা মূল্যায়ন করতে বলা হলে তিনি বলেন, তিনি যদি আইলায় আশ্রয়হীন সব মানুষকে আশ্রয় করে দিতে পারতেন, তাহলে সবচেয়ে খুশি হতেন। এটা না পারা তাঁর ব্যর্থতা।